ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ২০:০৭ পিএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি শাখায় নিরাপত্তাকর্মীকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টাকালে কাউসার আহম্মেদ নামে এক যুবককে আটক করা হয়।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি শাখায় নিরাপত্তাকর্মীকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে।
এ সময় ব্যাংকের
স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করা হয়। তবে নিরাপত্তাকর্মীর চিৎকারে স্থানীয়
লোকজন এগিয়ে এসে কাউসার আহম্মেদ নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
বুধবার রাত সোয়া ৩টার
দিকে উপজেলার সোহাগী বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার
কাউসার আহম্মেদ সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের রতন মিয়ার ছেলে।
এ ঘটনায়
বৃহস্পতিবার ব্যাংকটির সোহাগী বাজার শাখার সাধারণ কর্মকর্তা নাজমুল হক বাদী হয়ে
ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় কাউসারের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে
আসামি করা হয়েছে।
পুলিশ জানায়,
গ্রেপ্তার কাউসারের কাছ থেকে একটি হাতুড়ি, একটি চাকু, একটি বাটাল, দুটি
স্ক্রু-ড্রাইভার ও একটি হ্যাকসো ব্লেড জব্দ করা হয়েছে।
ব্যাংকের
নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম জানান, রাতে ব্যাংকের সব গেট বন্ধ করে তিনি ঘুমিয়ে
পড়েন। একপর্যায়ে মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে কাউসার মাজহারুল ইসলামকে ঘুম
থেকে ডেকে তোলেন। কিছু বুঝে ওঠার আগেই তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয়। পরে
গলায় চাকু ধরে নাইলনের রশি দিয়ে তার হাত-পা এবং গামছা দিয়ে মুখ বেঁধে আটকে রাখা
হয়।
মাজহারুল ইসলাম
বলেন, ‘আমাকে বেঁধে রেখে ব্যাংকের ভেতরের স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করা
হচ্ছিল। একপর্যায়ে বাঁধ খুলে বাইরে দৌড়ে গিয়ে চিৎকার করি। তখন বাজারের
নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন এগিয়ে এসে কাউসারকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে
সোপর্দ করা হয়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
বাংলাদেশ কৃষি
ব্যাংকের সোহাগী বাজার শাখার ব্যবস্থাপক মো. ইকবাল হাসান বলেন, ‘নিরাপত্তাকর্মীর
হাত-পা ও মুখ বেঁধে ব্যাংকে ডাকাতির চেষ্টা করা হয়েছে। স্থানীয় লোকজনের
সহযোগিতায় অভিযুক্তকে আটক করে পুলিশে দেওয়া সম্ভব হয়েছে। রাষ্ট্রীয় একটি
আর্থিক প্রতিষ্ঠানে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা জড়িত ব্যক্তিদের
দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
ঈশ্বরগঞ্জ থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ‘ব্যাংকে ডাকাতির চেষ্টার
ঘটনায় কাউসার আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দস্যুতার অভিযোগে মামলা
রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’