যুবদল নেতা শাকের হত্যা
মাগুরা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৯:৪৫ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৬ ২০:০৮ পিএম
মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকের হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় দুই সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার মূল রহস্য উন্মোচন, ব্যবহৃত অস্ত্র ও যানবাহন উদ্ধার এবং অন্যান্য সহযোগীদের শনাক্ত করতে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তীতে আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মাগুরা সদরের তাঁতীপাড়া এলাকার রনি শিকদার (৩৮) ও বুজরুক শ্রীকুড়ি এলাকার শামীমা তাবাসসুম (৩১)।
গত বুধবার রাত ১১টার দিকে নিহতের স্ত্রী শারমীন নাহার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি তোলার পাশাপাশি নিহতের চিকিৎসায় অবহেলা করায় চিকিৎসকের শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে মাগুরা।
প্রথমে স্বাভাবিক মৃত্যু মনে করা হলেও ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। পুলিশ সুপার নিশ্চিত করেছেন, ময়নাতদন্তে শাকের হোসেনের মাথার ভেতর একটি গুলি পাওয়া গেছে। উদ্ধার হওয়া গুলিটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ সুপার মোল্লা আজাদ বলেন, সব দিক বিবেচনায় রেখে তদন্ত চলছে। ইতোমধ্যে কিছু অগ্রগতিও পাওয়া গেছে। তদন্তের ধারাবাহিক অগ্রগতি হিসেবেই সন্দেহভাজন দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পুরো ঘটনার নেপথ্যে থাকা অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"
এদিকে আহত শাকেরকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসায় চরম অবহেলার অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাইনুল হাসানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকির বলেন, বুধবার বিকালে তাকে অব্যাহতি দেওয়া হয়। পূজার ছুটি শেষে অফিস খুললে এ ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করা হবে।
বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপি ও সব অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মী ও বিক্ষুব্ধ জনতা খুনিদের অনতিবিলম্বে গ্রেপ্তরের দাবিতে স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, শাকের হোসেনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা মেনে নেওয়া যায় না। অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে পুরো জেলা জুড়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল পরিবহনের কাউন্টার থেকে অচেতন অবস্থায় শাকের হোসেনকে উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ওই কাউন্টারের মাস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।