শরীয়তপুর প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৯:৩৬ পিএম
গ্রাহকদের তোপের মুখে পড়েন আংগারিয়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির তিনজনকে আটক করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রায় ১০ হাজার গ্রাহকের ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শরীয়তপুরের আংগারিয়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে।
আমানতের টাকা ও প্রতিশ্রুত লভ্যাংশ ফেরত না পেয়ে বুধবার বিকালে সমিতির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। এ সময় গ্রাহকদের তোপের মুখে পড়েন সমিতির সভাপতি আক্তার উর জামান স্বপন হাওলাদার ও ম্যানেজার কাকলী আক্তার। পরে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
গ্রাহকদের অভিযোগ, ২০২০ সালের আগস্ট থেকে সমিতিতে জমানো আমানতের বিপরীতে গ্রাহকদের কোনো লভ্যাংশ দেওয়া হচ্ছে না। এমনকি আমানতের টাকা ফেরতেও গড়িমসি করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আংগারিয়া বাজারের বাইপাস সড়কের পাশে একটি ভাড়া বাসায় ২০২০ সালে আংগারিয়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কার্যক্রম শুরু হয়। সমিতির সভাপতি আক্তার উর জামান স্বপন হাওলাদার ও ম্যানেজার তার স্ত্রী কাকলীসহ কয়েকজন কর্মকর্তা নিয়মিত কার্যালয়ে বসতেন। তারা এর আগেও মাদারীপুরের শিবচরে সিঙ্গাপুর ডেভেলপমেন্ট সমিতি নামে একটি প্রতিষ্ঠান খুলে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন অভিযোগ ভুক্তভোগী আফজাল, খলিলুর রহমানসহ কয়েকজনের।
মানববন্ধনে আংগারিয়ার দাদপুর এলাকার গ্রাহক মনির হোসেন, মমতাজ বেগম, হাসিনা আক্তার বলেন, লাভের আশায় সমিতিতে ৪০ হাজার টাকা করে সঞ্চয় রেখেছিলাম। এখন আমাদের টাকা পাচ্ছি না। এ রকম প্রায় ১০ হাজার গ্রাহকের ২০ কোটি টাকা রয়েছে।
অভিযোগের বিষয়ে স্বপন হাওলাদার বলেন, সমিতি থেকে সায়েম ফরাজী, ফয়সাল মিয়াসহ কিছু কর্মচারীকে বের করে দেওয়ায় তারা আজ এ ঘটনা ঘটিয়েছে। আমরা গ্রাহকদের টাকা আস্তে আস্তে ফেরত দিচ্ছি।
পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সমিতির সভাপতি ও ম্যানেজারকে আটক করা হয়েছে।