রংপুর অফিস
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৮:৪৫ পিএম
জমির বিরোধের জেরে রংপুরে দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে উত্তেজনায় বিসর্জন হয়নি দেবী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জমির মালিকানা ও মন্দির দখল নিয়ে বিরোধের জেরে রংপুরে দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিজয়া দশমীর পরও প্রতিমা বিসর্জন না হওয়ায় মুখোমুখি অবস্থানে রয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের দুই পক্ষ।
বৃহস্পতিবার রাতে সড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, আনসার ও বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রশাসনের দফায় দফায় বৈঠকেও মেলেনি বিরোধের সমাধান।
স্থানীয়রা জানায়, রংপুর ঠিকাদারপাড়ার বাসিন্দা দশরথের তিন শতক জমিতে অস্থায়ী মন্ডপ স্থাপন করে প্রতি বছর শারদীয় দূর্গা উৎসব পালিত হয়ে আসছে। চলতি বছর পূজা উদযাপন কমিটি দুর্গাপূজার পর সেখানে কালীসহ অন্য প্রতিমা স্থাপন করে সেখানে স্থায়ী মন্দির নির্মাণের প্রস্তুতি নেয়। বুধবার বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের সময় পূজা উদযাপন কমিটির সদস্যদের কাছে জমির মালিক দশরথ সব প্রতিমা সরিয়ে মন্ডপ খালি করতে বলেন। এনিয়ে পূজা উদযাপন কমিটির সাথে তার বিরোধ দেখা দেয়। পরে প্রতিমা বিসর্জন না দিয়ে স্থায়ী মন্দির স্থাপনের দাবীতে সড়ক অবরোধ করেন পূজা উদযাপন কমিটির সদস্যসহ সনাতন ধর্মাবলম্বীদের একাংশ। অন্যদিকে জমি ফিরে পেতে দশরথসহ তার লোকজন সড়কের অপরপ্রান্তে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও দফায় দফায় বৈঠকে কোন সমাধান আসেনি।
মেট্রোপলিটন কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি বলেন, পূজা উদযাপন কমিটি প্রতিমা বিসর্জন দিতে চাইলেও মন্দির খালি করতে রাজি নয়। অপরদিকে জমির মালিকপক্ষের দাবী মন্দির খালি করে সব প্রতিমা সরিয়ে নিতে হবে। কোন পক্ষই কারো কথা মানতে নারাজ। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।