শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৮:৪১ পিএম
শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে আশিক শেখ নামে এক টাইলস মিস্ত্রির পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে আশিক শেখ (২৭) নামে এক টাইলস মিস্ত্রির পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি বাড়ির নিচতলার কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
কয়েক দিন ধরে ঘরটি তালাবদ্ধ থাকায় এবং ভেতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশ দরজার তালা ভেঙে মরদেহ উদ্ধার করে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখছে পুলিশ।
নিহত আশিক শেখ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার খাওরাইল গ্রামের আব্দুল কাদির শেখের ছেলে। সে ওই বাড়ীতে স্ত্রী ও এক ছেলে নিয়ে ভাড়া থেকে টাইলস মিস্ত্রীর কাজ করতো।
বাড়ীর মালিক ফজলুল হকের বলেন, পুজার ছুটিতে তিনি গ্রামের বাড়ি গিয়েছিলেন। এই ছুটির মধ্য আশিকের ঘরটিও তালাবদ্ধ ছিল। তিনি ধারণা করেছিলেন পুজার ছুটি থাকায় আশিক স্ত্রী ও ছেলেকে নিয়ে গ্রামের বাড়ী যেতে পারেন। আজ সকাল থেকেই আশিকের ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। দুপুরের পর থেকে দুর্গন্ধ বাড়তে থাকলে দুর্গন্ধের উৎস খোঁজতে তালাবদ্ধ ঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে আশিকের মরদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ ঘরের তালা ভেঙে আশিকের মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা আব্দুল কাদির শেখ বলেন, গত সোমবার দুপুরে আশিকের সাথে তিনি মোবাইলফোনে ভালোমন্দ খবর নিয়েছেন। ওই সময় আশিক কোন এক বাড়ীতে টাইলসের কাজ করছিলো বলে তাকে জানিয়েছেন। পরদিন মঙ্গলবার সকাল থেকে তার মোবাইলে বিভিন্ন সময় একাধিকবার ফোন দিলেও রিসিভ করেনি।
তিনি আরো বলেন, কয়েকদিন আগে স্ত্রী ঝগড়া করে সন্তান নিয়ে তার বাবার বাড়ী ময়মনসিংহের নান্দাইলে চলে যায়। আজ দুপুরে বাড়ীর মালিক ফোনে তাকে ছেলের মৃত্যুর খবর দেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) উবায়দুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।