বগুড়ার উন্নয়ন ঘাটতি পূরণে সরকার কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ার উন্নয়ন ঘাটতি পূরণে সরকার কাজ করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, বগুড়ার উন্নয়নে কোনো ছাড় দেওয়া হবে না। জেলার উন্নয়ন এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বগুড়ার উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ প্রতিদিন আয়োজিত এবং টিএমএসএসের সহযোগিতায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, “১৭ বছর নয়, বগুড়া বঞ্চিত হয়েছে ২০ বছর। ফখরুদ্দীন-মঈন উদ্দিনের সরকারের সময় আমরা কঠিন পরিস্থিতির শিকার হয়েছি। আওয়ামী লীগের শাসনামলেও নির্যাতিত হয়েছি।”
বিগত সময়ে উন্নয়নের যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণে সরকার কাজ করবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “বিগত সময়ে উন্নয়নের নামে ভণ্ডামি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়াকে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সমানতালে এগিয়ে নিতে চান। এ লক্ষ্যে জেলার উন্নয়নে একটি মহাপরিকল্পনা রয়েছে। তা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।”
বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করীম বাদশা বলেন, “বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে বগুড়ার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।”
সভাপতির বক্তব্যে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরাম বলেন, “গত ১৭ বছর মতপ্রকাশের স্বাধীনতা ছিল না। সাংবাদিকদের হাত-পা বাঁধা ছিল। নিরাপদ থাকার জন্য অনেক কিছু লেখা সম্ভব হয়নি।”
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম। এতে বগুড়ার উন্নয়ন সম্ভাবনা, বিদ্যমান সমস্যা ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ ইসলাম আলমগীর পাভেল, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, বগুড়া সিটি প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আব্দুল মজিদ, বগুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কুদরত-ই-জাহান, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।