লামা-আলীকদম (বান্দরবান) প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৮:০৮ পিএম
বান্দরবানের লামার আজিজনগর ইউনিয়নের “পূর্বচাম্বী মুসলিম পাড়া সড়কের” ৬ কোটি ৩০ লাখ টাকার উন্নয়ন কাজ ঝিমিয়ে পড়ছে। ব্যবহৃত হচ্ছে নিম্নমানের সামগ্রী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বান্দরবানের লামার আজিজনগর ইউনিয়নের “পূর্বচাম্বী মুসলিম পাড়া সড়কের” ৬ কোটি ৩০ লাখ টাকার উন্নয়ন কাজ ঝিমিয়ে পড়ছে।
বালুর পরিবর্তে পাহাড়ের লাল মাটি, এলসি পাথরের পরিবর্তে পুরাতন বিল্ডিং ভাঙা কংকর, ইটভাটার সবচেয়ে নিম্নমানের ইট এবং এলজিইডি’র কোনোরকম তদারকি ছাড়াই চলছে এ উন্নয়ন কাজ।
ইউনিয়নের ক্যাম্পবাজার থেকে বাছুরি পাড়া হয়ে ৯নং
ওয়ার্ডের পূর্বচাম্বী মুসলিম পাড়া পর্যন্ত দীর্ঘ সড়কের ১ম পর্যায়ে ক্যাম্পবাজার
থেকে বাছুরি পাড়া পর্যন্ত তিন কিলোমিটার সড়কের কাজ চলমান রয়েছে। উন্নয়ন কাজটির
শুরু থেকে চরম অনিয়ম হচ্ছে বলে জানান স্থানীয় লোকজন। অনিয়মের অজুহাতে স্থানীয়রা
কয়েকবার কাজ বন্ধ করে দিলেও ভালো হয়নি কাজের মান।
এলজিইডি লামা অফিস জানায়, সিএইচটি-আরআইডিপি প্রকল্পের
আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান মো. ইউনুচ অ্যান্ড ব্রাদার্স প্রাঃ লিঃ ৬ কোটি ৩০ লাখ
টাকা চুক্তিমূল্যে তিন কিলোমিটার সড়কটির কাজ বাস্তবায়ন করছে। কাগজে কলমে মো. ইউনুচ
অ্যান্ড ব্রাদার্স থাকলেও কাজটি আওয়ামী যুবলীগের পলাতক সদস্য আনিসুর রহমান সুজন
করছিল। বর্তমানে তার ছোটভাই বান্দরবান জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী
কাজটি বাস্তবায়ন করছে।
২০২৫ সালের জুন থেকে শুরু হয়ে ২০২৬ সালের ৩০ জুন
কাজটির কার্যকাল শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ৬০ শতাংশ কাজ সম্পাদিত হয়েছে
বলে জানিয়েছেন এলজিইডি লামার উপ-সহকারী প্রকৌশলী সারোয়ার আলম।
সরেজমিন ঘুরে ও স্থানীয়রা জানান, ‘ঠিকাদার ইচ্ছেমত
কাজ করছে। পাহাড়ের লাল মাটি সড়কের পাশের ড্রেনসহ নানা ঢালাই কাজে সিমেন্টের সঙ্গে
ব্যবহার করছে। ইট নিম্নমানের এবং বিল্ডিং ভাঙা পাথরের খোয়া দিয়ে কাজ করছে। বিষয়গুলো
এলজিইডি লামাকে জানানো হলে, এলজিইডি’র দায়িত্বরত কর্মকর্তা ক্যাম্পবাজার সংলগ্ন
চলমান ড্রেনের কাজের ২০ থেকে ৩০ ফুট ভেঙে দিয়ে দায় সেরেছে। তিন কিলোমিটার সড়কের
চলমান কাজে দুর্নীতির একইচিত্র। এ কারণে নির্মাণের কিছুদিনের মধ্যে উন্নয়ন কাজগুলো
নষ্ট হয়ে যায়।’
স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, এই কাজগুলো
ঠিকাদার নিজের ইচ্ছে মতো করে যাচ্ছে, দেখার কেউ নেই। এলজিইডি প্রতিনিধিরা তো সবসময়
আসে না। মোহাম্মদ দিদারুল ইসলাম নামে একজন বলেন, এসব দুর্নীতি পরায়ন ঠিকাদারদের
প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা দরকার। মো. সেলিম উদ্দিন বলেন, দেশের ক্ষতি ও
ভাবমূর্তি নষ্ট করতে আওয়ামী লীগের দরকার পড়বে না। বিএনপির কিছু লোকজনই যথেষ্ট। মো.
শাহজালাল বলেন, পুরাতন ড্রেনের ঢালাই এবং বিল্ডিং ভাঙা ময়লা কঙ্কর দিয়ে কাজ চলছে!
জনৈক ব্যক্তি বলেন, কাজ কিনে নেছে ১৫ পার্সেন্ট দিয়ে। বিএনপি’র কোনো একজন নেতা সঙ্গে
আছে, কোনো সমস্যা নেই। কাজের অনিয়মের বিষয়ে জানতে ঠিকাদার মো. মেহেদীর মুঠোফোনে কল
দিলে তিনি ফোন রিসিভ করেননি।
এলজিইডি লামার উপ-সহকারী প্রকৌশলী সারোয়ার আলম জানান, ‘অনিয়মের কথা শুনে কাজ বন্ধ
রাখতে বলা হয়েছে। ঠিকাদার আমাদের কথা শোনে না। অনিয়ম করায় কিছু অংশ কাজ ভেঙে দেওয়া
হয়েছে।’ লামা উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফ বলেন, ‘অনিয়মের বিষয়টি জানার পর পরই
কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। কাজ মান খারাপ হচ্ছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।’ এ বিষয়ে
জানতে এলজিইডি বান্দরবান জেলা প্রকৌশলী প্রতি পদ দেওয়ানকে অসংখ্যবার কল দিলেও তিনি
ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।