নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৭:২১ পিএম
বানারীপাড়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশালের বানারীপাড়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এসএস প্রি-ক্যাডেট স্কুলসংলগ্ন ব্যবসায়ী রিয়াজ হোসেনের বাড়ির ট্যাংকের ভেতরের বাঁশ খুলতে নেমে বিপাকে পড়েন তাঁরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া দুই শ্রমিক হলেন- বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন (৫০) এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুন্নু মিয়ার ছেলে সোহাগ (৪২)।
স্থানীয় বাসিন্দা ও সৃষ্টি শিক্ষা একাডেমির শিক্ষক জাকির হোসেন বলেন, ভবনটির নির্মাণকাজ চলছিল। দুপুর ১২টার দিকে দুই শ্রমিক সেপটিক ট্যাংকের ভেতরের বাঁশ খুলতে যান। এ সময় বিষাক্ত গ্যাসের প্রভাবে তাঁরা ট্যাংকের ভেতরে পড়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা পর তাঁদের উদ্ধার করেন।
বানারীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, দুপুর পৌনে একটার দিকে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস থাকায় প্রথমে সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি। পরে অক্সিজেনের সহায়তায় গ্যাস অপসারণ করে স্থানীয় লোকজনের সহযোগিতায় দুই শ্রমিককে উদ্ধার করা হয়। তাঁদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিয়াজ হোসেনের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে সেন্টারিংয়ের কাজ করার সময় দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।