নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৭:১৩ পিএম
প্রতিকী ছবি
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বরিশাল সদর উপজেলায় এক ঠিকাদারকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বুধবার সন্ধ্যায় উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মাখরকাঠি গ্রামে গনি হাওলাদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ সময় গুলির মুখে প্রাণ বাঁচাতে খালে ঝাঁপ দিয়ে রক্ষা পান ঠিকাদার সুলতান আহমেদ। পরে অভিযুক্ত ব্যক্তি মাইক্রোবাসে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
ঠিকাদার সুলতান আহমেদ বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়া এলাকার সালাম হাওলাদারের ছেলে। তাঁর নুসরাত এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার বাহিনীতে জুতা, কালি, বেল্টসহ বিভিন্ন সামগ্রী সরবরাহ করে।
২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদ আহমেদ বলেন, সুলতানের ঢাকায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানের অংশীদার মাগুরা জেলার বাসিন্দা সালাহউদ্দিন ওরফে সোহেল রানার কাছে তিনি মোটা অঙ্কের টাকা পান। বুধবার সন্ধ্যায় পাওনা টাকা পরিশোধ করতে সোহেল রানা সেখানে আসেন। তবে টাকা না দিয়ে একটি চেক দেন তিনি। এরপর একটি স্ট্যাম্পে সুলতানকে স্বাক্ষর দিতে বললে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুলতানকে লক্ষ্য করে গুলি করা হয়। এ সময় প্রাণ বাঁচাতে তিনি খালে ঝাঁপ দিয়ে চিৎকার শুরু করেন। পরে মাইক্রোবাস নিয়ে আসা সোহেল রানা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ বিষয়ে সুলতান আহমেদ বলেন, তাঁরা খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিলেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, পূর্ববিরোধের জেরে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।