কক্সবাজার
কক্সবাজারের নির্জন সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ দুই পর্যটকের মধ্যে মোহাম্মদ হারুন (২০) নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় চার পর্যটকের মৃত্যু হলো। ছবি: সংগৃহীত
কক্সবাজারের নির্জন সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ দুই পর্যটকের মধ্যে মোহাম্মদ হারুন (২০) নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় চার পর্যটকের মৃত্যু হলো। এখনো নিখোঁজ রয়েছেন এসএম নাফিসুর রহমান নিবিড় নামে আরও এক পর্যটক।
মেরিন ড্রাইভের হিমছড়ি এলাকার সৈকত থেকে বৃহস্পতিবার সকালে হারুনের মরদেহ উদ্ধার করা হয়।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ সোলেমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হারুন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার মোহাম্মদ কবির আহমদের ছেলে। তার আদি নিবাস নোয়াখালীর সেনবাগ উপজেলার চাঁনপুর এলাকায়।
এর আগে একই ঘটনায় আরও তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন ঢাকার উত্তরার আল মাহিবুর ইবনে মোকাররম (২৪), সাইবুল হক জিসান (২৩) এবং চট্টগ্রামের বায়েজিদ এলাকার মো. আকাশ।
স্বজনরা জানান, জিসান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। আল মাহিবুর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিবিএর শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার বাসিন্দা মুকাররম হোসেনের ছেলে।
এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এসএম নাফিসুর রহমান নিবিড়। তিনি ঢাকার আজিমপুর এলাকার নাবিবুর রহমানের ছেলে।
এসআই সোলেমান জানান, বুধবার বিকালে মেরিন ড্রাইভের পেঁচারদ্বীপ এলাকার মৎস্য জাদুঘরসংলগ্ন মেরিনা রিসোর্ট সৈকতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ হন। এরপর থেকে লাইফগার্ড, বিচকর্মী ও পুলিশসহ সংশ্লিষ্টরা তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছিলেন। বৃহস্পতিবার সকালে হিমছড়ি সৈকতে জোয়ারের পানিতে একটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া হারুনের মরদেহ হিমছড়ি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। নিখোঁজ নিবিড়ের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এসআই সোলেমান।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান জানান, এলাকাটি মূলত নির্জন সৈকত। স্থানীয় কয়েকজন জেলে পর্যটকদের সাগরে না নামতে একাধিকবার নিষেধ করেছিলেন। কিন্তু তাদের নিষেধ উপেক্ষা করে গোসল করতে নামায় এ ঘটনা ঘটেছে। এলাকাটিতে সচেতনতামূলক প্রচারণা চালানোর কাজ করছে প্রশাসন।