গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১৫:১৩ পিএম
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে রান্নার গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বুধবার রাত ৮টার দিকে ওই দম্পতির মৃত্যু হয়।
এ ঘটনায় তাদের ১৬ বছর বয়সী মেয়ে তানিশা গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতরা হলেন ময়মনসিংহের ফুলপুর থানার কুড়িপাড়া এলাকার মান্নাছ আলীর ছেলে লাল চান মিয়া (৬০) ও তাঁর স্ত্রী নাসিমা (৫০)। তারা টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকার মাস্টার বাড়ি সংলগ্ন ফখরুল হাসানের বাসায় ভাড়া থাকতেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতির মৃত্যু হয়েছে। তাদের মেয়ে এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও জানান, নিহতদের মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, বুধবার সকাল ৭টার দিকে ওই বাসায় রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে ঘরের ভেতরে গ্যাস জমে যায়। একপর্যায়ে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা লাল চান মিয়া, তার স্ত্রী নাসিমা ও তাদের মেয়ে তানিশা গুরুতর দগ্ধ হন।
পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।