× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ১০:০০ এএম

২০১৯ সালের ১ ফেব্রুয়ারি দ্বীপে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করা হয়েছিল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

২০১৯ সালের ১ ফেব্রুয়ারি দ্বীপে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করা হয়েছিল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুৎ নিয়ে যেন দুর্ভোগের শেষ নেই। চড়া দাম দিয়েও দিনে গড়ে বিদ্যুৎ মিলছে মাত্র চার ঘণ্টা। এর মধ্যেই আগামী নভেম্বর থেকে প্রতি ইউনিট বিদ্যুতের দাম আরও ১০ টাকা বাড়ানোর ঘোষণায় ক্ষোভে ফুঁসছেন দ্বীপবাসী। তাদের প্রশ্ন- এত টাকা দিয়েও যদি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না মেলে, তাহলে মূল্যবৃদ্ধির বোঝা কেন বইতে হবে?

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার বিকেলে দ্বীপের বাজারে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সৌরবিদ্যুৎ প্রকল্পের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান। ক্ষুব্ধ ব্যবসায়ীদের কেউ কেউ ব্লু-মেরিনের বিদ্যুৎ বয়কটেরও ঘোষণা দিয়েছেন।

দ্বীপবাসীর অভিযোগ, বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ৪২ থেকে ৫২ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। নভেম্বর থেকে ইউনিটপ্রতি আরও ১০ টাকা বাড়ানো হলে বিদ্যুতের খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। অথচ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েই ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি দ্বীপে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করা হয়েছিল। কিন্তু প্রকল্প চালুর পরও প্রত্যাশিত সেবা না পাওয়ায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমিত সময় বিদ্যুৎ পাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, সাধারণ পরিবার ও ব্যবসায়ীরা। রাতে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, বিঘ্নিত হচ্ছে দৈনন্দিন কাজকর্ম। পর্যটন মৌসুমে বিদ্যুতের চাহিদা বাড়লেও সরবরাহ সেই অনুপাতে বাড়ে না। বছরের অন্য সময়েও নিয়মিত বিদ্যুৎ পাওয়া যায় না বলে অভিযোগ তাদের।

বিদ্যুতের বিল নিয়েও রয়েছে নানা প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ ব্যবহারের সঠিক হিসাব, মিটার রিডিং এবং বিলের রসিদ পাওয়া নিয়ে অস্পষ্টতা রয়েছে। সরবরাহে ঘাটতি দেখা দিলে বিকল্প হিসেবে জেনারেটর সেবা চালুর প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি বলে দাবি তাদের।

দ্বীপের বাসিন্দা তৈয়ব উল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, “শুরু থেকেই বেসরকারি বিদ্যুৎ প্রতিষ্ঠানটি দ্বীপবাসীর সঙ্গে প্রতারণা করে আসছে। পর্যটন মৌসুমে বিদ্যুৎ দিলেও বছরের বাকি সময়ে ঠিকমতো সরবরাহ করে না। এর মধ্যে ইউনিটপ্রতি আরও ১০ টাকা দাম বাড়ানোর ঘোষণা দ্বীপবাসীর ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। আমরা চাই, দ্বীপে সরকারি ব্যবস্থাপনায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হোক”।

ব্যবসায়ী মনির হোসেনের ক্ষোভ আরও তীব্র। তিনি বলেন, “এমন বিদ্যুৎ আমাদের প্রয়োজন নেই। বাসার মিটার খুলে নিয়ে যান, খুঁটিও নিয়ে যান। পাঁচ টাকা ইউনিট দিলেও আর নেব না। ব্লু-মেরিনের বিদ্যুৎ বয়কট করলাম। আমরা ন্যায্যমূল্যে বিদ্যুৎ চাই”।

স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান বলেন, “বিদ্যুৎ না থাকায় রাতে পড়াশোনা, ব্যবসা ও দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। এত টাকা দিয়েও নিয়মিত বিদ্যুৎ না পাওয়ার পর নতুন করে দাম বাড়ানোর ঘোষণা আমাদের হতাশ করেছে”।

স্থানীয় ব্যবসায়ী আহমেদ হোসেন বলেন, সেন্টমার্টিনের ব্যবসা-বাণিজ্য অনেকটাই বিদ্যুতের ওপর নির্ভরশীল। বিদ্যুৎ কম থাকলে ফ্রিজ চালানো, আইসক্রিম ও খাবার সংরক্ষণসহ নানা কাজে সমস্যা হয়। বেশি দাম দিয়ে অল্প সময় বিদ্যুৎ পাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

দ্বীপবাসীর দাবি, বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার পাশাপাশি সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। সৌরবিদ্যুৎ প্রকল্পের কার্যক্রম তদন্ত করে কোনো অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে যৌক্তিক মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সেন্টমার্টিন দ্বীপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, “বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে স্থানীয় লোকজন বিক্ষোভ করেছেন। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে”।

এ বিষয়ে ব্লু-মেরিন এনার্জি লিমিটেডের প্রকৌশলী রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, “বিষয়টি জেনেছি। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে এটির সমাধানের চেষ্টা করা হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা