মেডিক্যাল প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ ০৮:৩০ এএম
প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণের পর আগুন ছরিয়ে পড়ে। ছবি: ভিডিও থেক
নরসিংদীর মাধবদীতে একটি প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ১১ জন দগ্ধ হয়েছেন।
বুধবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হওয়া পাঁচজন হলেন মো. জামাল (৩৬), মো. টিপু (৪৫), মো. ফয়সাল (২৫), বাবুল (৩৫) ও মোহাম্মদ শাহজাহান (৩০)।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ জানান, নরসিংদীর মাধবদী থেকে দগ্ধ পাঁচজন ঢামেকে ভর্তি। তাদের মধ্যে জামালের শরীরের ৬০ শতাংশ, টিপুর ৯০ শতাংশ, ফয়সালের ২৫ শতাংশ, বাবুলের ৮ শতাংশ এবং শাহজাহানের ৪ শতাংশ পুড়ে গেছে।
তিনি জানান, দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় টিপু ও জামালকে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। অন্য তিনজনকে জরুরি বিভাগের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অন্যদিকে, একই ঘটনায় দগ্ধ আরও ছয়জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তারা হলেন শিবলু মিয়া (৪৫), পিয়াস (৩০), সুমন (৩০), সরাফ (৩০), ছাদেকুর (২৫) ও রাকিব (২৫)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, দগ্ধদের মধ্যে শিবলু মিয়ার শরীরের ১৩ শতাংশ, পিয়াসের ৩ শতাংশ, সুমনের ৪ শতাংশ, সরাফের ২০ শতাংশ, ছাদেকুরের ১৫ শতাংশ এবং রাকিবের ১০ শতাংশ পুড়ে গেছে।
তিনি আরও জানান, সরাফ ও ছাদেকুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবলু মিয়া ও রাকিবকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আর পিয়াস ও সুমনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।