প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ২১:৪৪ পিএম
প্রতিমা বিসর্জন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সীমান্ত নদী ইছামতীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ হলেও বিজয়া দশমীতে এবারও বসেনি বাংলাদেশ ও ভারতের মানুষের সেই ঐতিহ্যবাহী মিলনমেলা। দুই দেশের মানুষ নিজ নিজ সীমান্তে থেকে প্রতিমা বিসর্জন দিলেও নদীতে নৌকা ভাসিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পাননি। ফলে নদীর দুই তীরে সমবেত মানুষের মধ্যে ছিল গভীর আক্ষেপ ও হতাশা।
বুধবার বিজয়া দশমীর দিনে সাতক্ষীরার দেবহাটা উপজেলার টাউন শ্রীপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার টাকি পৌরসভা সংলগ্ন ইছামতী নদীর তীরে হাজারো মানুষের সমাগম ঘটে। দুই দেশের সীমান্তবর্তী বিভিন্ন মণ্ডপ থেকে ভক্তরা প্রতিমা নিয়ে নদীর পাড়ে জড়ো হন। বিকেল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা। তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে বাংলাদেশের কাউকে নৌকা নিয়ে নদীতে নামতে দেওয়া হয়নি। অন্যদিকে ভারতের অংশে প্রতিমা নিয়ে নৌকা নদীতে নামতে দেখা গেছে।
স্থানীয় বাসিন্দাদের কাছে ইছামতীর এই প্রতিমা বিসর্জন কেবলই ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; এটি দুই বাংলার মানুষের দীর্ঘদিনের সম্প্রীতি ও আত্মিক সম্পর্কের প্রতীক। দেশভাগের আগে থেকেই বিজয়া দশমীতে নদীর দুই তীরে এই মিলনমেলা বসত। কাঁটাতারের বিভেদ ভুলে স্বজনদের সঙ্গে দেখা করা, কুশল বিনিময় এবং আনন্দের ভাগ নেওয়ার এক বিরল উপলক্ষ ছিল এই আয়োজন।
স্থানীয় প্রবীণদের ভাষ্য, একসময় দেবহাটার টাউন শ্রীপুর থেকে ভারতের টাকি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার জলসীমাজুড়ে অগণিত নৌকা, লঞ্চ ও স্টিমারের ভিড় জমত। নৌকার আধিক্যে নদীর পানি পর্যন্ত আড়াল হয়ে যেত। তবে নিরাপত্তার কড়াকড়িতে দীর্ঘদিন ধরে সেই চিরচেনা রূপটি আর দেখা যাচ্ছে না।
এবারও নদীর ‘জিরো পয়েন্টে’ ছোট ডিঙি নৌকায় লাল পতাকা উড়িয়ে দুই দেশের সীমারেখা চিহ্নিত করে অবস্থান নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অন্যদিকে বাংলাদেশের দিকে বেড়িবাঁধে সতর্ক অবস্থান বজায় রাখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।
সীমান্তবর্তী দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার প্রায় আট কিলোমিটার সীমান্ত এলাকায় এবার মোট ৩৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দেবহাটায় ১৫টি, কালিগঞ্জে ১৬টি এবং শ্যামনগরে আটটি মণ্ডপ ছিল। সীমান্তে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সদস্যরা দুটি টাস্কফোর্সে বিভক্ত হয়ে চার প্লাটুনের মাধ্যমে আটটি সেকশনে দায়িত্ব পালন করেন। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সমন্বিত তৎপরতায় পুরো এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসব সম্পন্ন হয়।
মিলনমেলা ফিরিয়ে আনার দাবি
দেবহাটার টাউন শ্রীপুর দুর্গামন্দিরের সভাপতি কিশোরী মোহন সরকার স্মৃতিচারণ করে বলেন, “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এখানে আগে মিলনমেলা হতো। ছোটবেলায় দেখেছি, পুরো নদী নৌকায় ভরে থাকত। নৌকার কারণে পানি দেখা যেত না। অসংখ্য নৌকা, স্টিমার ও লঞ্চ আসত। ভারতের প্রতিমাও এদিকে ভেসে আসত। এখন আর সেই দৃশ্য নেই।”
তিনি জানান, প্রায় ১৫ থেকে ১৬ বছর ধরে আগের মতো সেই মিলনমেলা আর হচ্ছে না। ঐতিহ্যবাহী এই আয়োজনটি পুনরায় সুন্দরভাবে চালুর জন্য সরকারের কাছে দাবি জানান তিনি। তিনি আরও উল্লেখ করেন, প্রশাসনের সঙ্গে সভায় কেবল তাদের কয়েকটি নৌকা রাখার অনুমতির কথা বলা হয়েছিল, সাধারণ মানুষের নৌকা নামানোর কোনো সুযোগ রাখা হয়নি।
মন্দির কমিটির নেতারাও ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারতীয় অংশের ভক্তরা নদীতে নেমে প্রতিমা বিসর্জন দেওয়ার সুযোগ পেলেও বাংলাদেশি ভক্তদের সেই অনুমতি দেওয়া হয়নি। আগামী বছরগুলোতে বাংলাদেশের মানুষ যাতে একইভাবে নৌকা নিয়ে নদীতে নেমে বিসর্জন দিতে পারেন, সেই ব্যবস্থা করার আহ্বান জানান তারা।
আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, ইছামতীর পাড়ে মানুষের ব্যাপক সমাগম হয়েছিল। দুর্গাপূজা শুরুর আগেই বিজিবি ও বিএসএফের মধ্যে যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয় এবং সেই সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকেই সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
ওসি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবির পর্যাপ্ত সদস্যের পাশাপাশি পুলিশের তিনটি দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে। সবার সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।