× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালীতে সাংবাদিক সোহরাব হোসেনের দাফন সম্পন্ন

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১৯:৫২ পিএম

সোহরাব হোসেনের জানাজায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সোহরাব হোসেনের জানাজায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীতে দাফন করা হয়েছে ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’-এর নিজস্ব প্রতিবেদক সোহরাব হোসেনকে।

বুধবার সকাল ১০টায় পটুয়াখালী সদর উপজেলার নিজ গ্রাম আউলিয়াপুর সাবিনা আক্তার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার বড় ভাই মাওলানা ওহাব মোল্লার কবরের পাশে তাকে দাফন করা হয়।
জানাজায় সোহরাব হোসেনের দুই ছেলে আতিকুর রহমান ও সুফিয়ান মোল্লা তাদের বাবার জন্য সবার কাছে দোয়া চান। এর আগে দ্য ডেইলি স্টার-এর কনটেন্ট এডিটর মোহাম্মদ আল-আমিনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা তার প্রতি শ্রদ্ধা জানান। জানাজায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহরাব হোসেন। হাসপাতালের মৃত্যু সনদে তার মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা উল্লেখ করা হয়েছে।
পরিবারের বরাত দিয়ে জানা যায়,  মঙ্গলবার সকালে আউলিয়াপুরে নিজের বাড়ি থেকে পটুয়াখালী সদরে যাওয়ার পথে সকাল সাড়ে ৮টার দিকে মোল্লাবাড়ী স্ট্যান্ডের কাছে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান সোহরাব। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সকাল ৯টা ৫০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
২০০৪ সালের ১ জানুয়ারি দ্য ডেইলি স্টার-এ যোগ দেন সোহরাব হোসেন। দীর্ঘ ২২ বছরের বেশি সময় ধরে পটুয়াখালী প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার প্রতিবেদনে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, পরিবেশ, স্বাস্থ্যসেবা, কৃষি, অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পের নানা চিত্র উঠে এসেছে।
পটুয়াখালী ইপিজেডের জমি অধিগ্রহণে ঘুষ লেনদেনের অভিযোগ, সড়ক নির্মাণে অনিয়ম, সরকারি হাসপাতালে চিকিৎসকের সংকট এবং বছরের পর বছর অব্যবহৃত পড়ে থাকা সেতুর বিষয়ে প্রতিবেদন করেছেন তিনি। কুয়াকাটা সমুদ্রসৈকতে ১৪০টি ডলফিনের মৃত্যুর ঘটনা, জেলেদের দুর্দশা ও উপকূলীয় এলাকায় নদীভাঙন নিয়েও তার প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সম্প্রতি পায়রা বন্দরে বিপুল সরকারি বিনিয়োগের পরও সক্ষমতার পূর্ণ ব্যবহার না হওয়া নিয়ে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনেও অবদান রাখেন সোহরাব। সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে দ্য ডেইলি স্টার-এর সেরা জেলা প্রতিবেদকের পুরস্কার পান তিনি।
সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন সোহরাব হোসেন। তিনি পটুয়াখালী প্রেস ক্লাবের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে সংগঠনটির সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।
মঙ্গলবার রাতে তার মরদেহ নেওয়া হয় পটুয়াখালী প্রেস ক্লাবে। দীর্ঘদিনের সহকর্মীকে শেষবারের মতো দেখতে সেখানে উপস্থিত সাংবাদিকদের অনেকে কান্নায় ভেঙে পড়েন।
সোহরাব হোসেনের মৃত্যুতে দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন সোহরাব হোসেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা