× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পূজার ছুটিতে বান্দরবানে পর্যটকের ঢল

তিল ধারণের ঠাঁই নেই মেঘলা-নীলাচলে

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১৮:৪৬ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৬ ১৮:৪৯ পিএম

শারদীয় দুর্গাপূজার ছুটিতে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে বান্দরবানের থানচি উপজেলার তমাতুঙ্গী পর্যটনকেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শারদীয় দুর্গাপূজার ছুটিতে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে বান্দরবানের থানচি উপজেলার তমাতুঙ্গী পর্যটনকেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক সরকারি ছুটিকে কেন্দ্র করে পাহাড়কন্যা খ্যাত বান্দরবানে পর্যটকের ঢল নেমেছে। 

পর্যটকদের বাড়তি চাপে জেলার হোটেল-মোটেল ও রিসোর্ট-কটেজগুলোতে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার শতভাগ কক্ষ বুকড হয়ে গেছে।

আজ বুধবার বিকেলে পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা জানান, বছরজুড়েই কমবেশি পর্যটকদের পদচারণে মুখর থাকে প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা বান্দরবান। তবে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে লম্বা ছুটির সুযোগে পর্যটকের ব্যাপক সমাগম ঘটেছে। এতে জেলার প্রতিটি পর্যটনকেন্দ্রে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।

বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত মেঘলার ঝুলন্ত সেতুতে দর্শনার্থীদের আনাগোনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সংশ্লিষ্ট সূত্র জানায়, বান্দরবান সদর উপজেলার মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, শৈলপ্রপাত ও রূপালী ঝরনা; রোয়াংছড়ির দেবতাখুম; রুমার বগালেক, কেওক্রাডং ও সুংসাং পাড়া; বান্দরবান-থানচি সড়কের নীলগিরি; থানচির তিন্দু, নাফাকুম ও তমা তুঙ্গী; লামার মিরিঞ্জা এবং আলীকদমের আলী গুহাসহ জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে ৫০ হাজারের বেশি পর্যটকের সমাগম ঘটেছে। বাড়তি চাপের কারণে জেলার প্রায় সব হোটেল, রিসোর্ট ও কটেজ আজ ও আগামীকাল শতভাগ বুকিং হয়ে গেছে। ফলে আগে থেকে বুকিং না দিয়ে বেড়াতে আসা অনেক পর্যটক রুম না পেয়ে বিড়ম্বনার মধ্যে পড়েছেন।

বান্দরবানের থানচির রেমাক্রি জলপ্রপাতে ভ্রমণপিপাসুদের ভিড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাঈদুইসলাম নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, দুই দিন আগে তিনি তার স্বজনদের জন্য ৩৫ থেকে ৪০টি হোটেলে গিয়েছেন, কিন্তু কোথাও কোনো খালি কক্ষ পাননি। আগামী এক সপ্তাহ পর্যন্ত কোনো কক্ষ পাওয়া যাবে না বলে হোটেল কর্তৃপক্ষ তাকে জানিয়েছে।

নীলাচল পর্যটনকেন্দ্রের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা কর্মী টিটু জানান, আজ সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজারের বেশি পর্যটক নীলাচলে প্রবেশ করেছেন।

রোয়াংছড়ি পর্যটক গাইড সমিতির সভাপতি চিংনু মং মারমা বলেন, বুধবার এক দিনেই ৭৬৩ জন পর্যটক দেবতাখুম ভ্রমণ করেছেন।

হোটেল হিল ভিউয়ের ব্যবস্থাপক পারভেজ বলেন, দুর্গাপূজার ছুটি উপলক্ষে হোটেলে আশানুরূপ পর্যটকের সাড়া পাওয়া গেছে। আজ ২১ ও আগামীকাল ২২ অক্টোবর তাদের হোটেলের সব কক্ষ শতভাগ বুকড।

হোটেল গ্র্যান্ড ভ্যালীর ব্যবস্থাপক আক্কাস উদ্দীন জানান, ২১ ও ২২ অক্টোবর তাদের শতভাগ কক্ষ বুকড রয়েছে। এ ছাড়া ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত গড়ে ৬০ থেকে ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং নিয়ে রেখেছেন ভ্রমণপিপাসুরা।

বান্দরবান হোটেল-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, তাদের সমিতির অন্তর্ভুক্ত হোটেল-রিসোর্টগুলোয় আজ শতভাগ বুকিং রয়েছে। তবে আগামীকাল থেকে এ বুকিং ৬০ থেকে ৭০ শতাংশে নেমে আসতে পারে।

এদিকে পর্যটকদের চলাচলের বিষয়ে বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতির লাইনম্যান কামাল হোসেন জানান, আজ সকাল থেকে প্রতি গাড়িতে ১৩ জন করে প্রায় ৪৩৭টি পর্যটকবাহী গাড়ি বিভিন্ন পর্যটনকেন্দ্রের উদ্দেশে ছেড়ে গেছে।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, পর্যটকদের বান্দরবান ভ্রমণ নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীদারের (স্টেকহোল্ডার) সঙ্গে আলোচনা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন পর্যটনকেন্দ্র ও গুরুত্বপূর্ণ চেকপোস্টগুলোতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা