পটিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১৮:০২ পিএম
পটিয়ায় চালককে অচেতন করে চিনিসহ কাভার্ড ভ্যান ছিনতাই। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের পটিয়ায় চালককে অচেতন করে ১৫ টন চিনিসহ একটি কাভার্ড ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ছিনতাই হওয়া চিনির আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।
বুধবার ভোররাতে উপজেলার মনসা বাদামতল এলাকায় এ ঘটনা
ঘটে বলে ধারণা করা হচ্ছে। পরে সড়কের পাশ থেকে অচেতন অবস্থায় চালককে উদ্ধার করে
হাসপাতালে নেওয়া হয়। অচেতন চালক আলমগীরের (৪৫) বাড়ি চাঁদপুরে। তিনি আনোয়ার
হোসেনের ছেলে।
জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে আবুল কালাম নামে এক
কাভার্ড ভ্যানচালক আলমগীরকে সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি
তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় আলমগীরের মুখ দিয়ে ফেনা
বের হচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চালানোর সুবাদে তাদের মধ্যে আগে থেকেই
পরিচয় ছিল।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের
চিকিৎসক ডা. শামা জানান, অচেতন অবস্থায় ওই চালককে হাসপাতালে আনা হয়। তার শরীরে
চেতনানাশক কোনো পদার্থ প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে চিকিৎসা দেওয়া
হচ্ছে। জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগতে পারে।
ছিনতাই হওয়া কাভার্ড ভ্যানটির মালিক জাহিদ ট্রেড
অ্যান্ড ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী জাকির হোসেন। তিনি জানান, মঙ্গলবার রাত
১১টার দিকে গাড়িটি মইজ্যারটেক এলাকায় ছিল। ওই সময় চালক গাড়ির কিছু যান্ত্রিক
সমস্যার কথা তাকে জানিয়েছিলেন। পরে বুধবার সকাল ৯টার দিকে চালককে অচেতন অবস্থায়
পাওয়ার খবর পান তিনি।
জাকির হোসেন বলেন, মেঘনা কোম্পানির চিনি নিয়ে কাভার্ড
ভ্যানটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছিল। পথে নগরের নাসিরাবাদ এলাকায় একটি
প্রতিষ্ঠানে ১৩ টন চিনি সরবরাহ করা হয়। এরপর আরও ১৫ টন চিনি নিয়ে গাড়িটি পটিয়ার
দিকে যাচ্ছিল। পরে ১৫ টন চিনিসহ কাভার্ড ভ্যানটি ছিনতাই হয়েছে বলে তিনি অভিযোগ
করেন।
এদিকে, চালক কীভাবে অচেতন হয়েছেন এবং কীভাবে কাভার্ড ভ্যানটি
ছিনতাই হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক
জানান, এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ ধরনের একটি ঘটনার খবর
পেয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।