ভালুকা (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১৫:৩৮ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৬ ১৫:৪৫ পিএম
অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষকের নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ময়মনসিংহের ভালুকায় এক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
সংঘবদ্ধ ডাকাতদল ঘরের দরজা ভেঙে
ভেতরে প্রবেশ করে পরিবারটির নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল
লুট করে নিয়ে গেছে।
এ সময় ডাকাতদের হামলায় বাড়ির
গৃহকর্তা অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ আলী (৭৫) গুরুতর আহত হয়েছেন। তাকে ভালুকা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার
মল্লিকবাড়ি ইউনিয়নের নয় নম্বর মোড় এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয়রা
জানান, গভীর রাতে একদল সংঘবদ্ধ ডাকাত মোহাম্মদ আলীর বাড়িতে হানা দেয়। ডাকাতদল বিভিন্ন
অস্ত্রে সজ্জিত হয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা মোহাম্মদ আলীর দুই ছেলে নাজমুল
ইসলাম এবং স্থানীয় হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী
শিক্ষক সামিউল ইসলামের ঘরে প্রবেশ করে তাণ্ডব চালায়। এ সময় তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর
করে এবং ঘরে রাখা গচ্ছিত টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে
নিয়ে যায়। এতে বাধা দিতে গেলে ডাকাতদের হামলায় গুরুতর আহত হন অবসরপ্রাপ্ত মাদ্রাসা
শিক্ষক মোহাম্মদ আলী। ঘটনার বিবরণ দিয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষক সামিউল ইসলাম জানান, ডাকাতদল
আমাদের ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে
গেছে। এ সময় তাদের হামলায় আমার বাবা গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে ভালুকা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার
সেকেন্ড অফিসার এসআই মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে তারা এখনও অবগত নন। তবে
লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।