নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১৫:৩০ পিএম
সাংবাদিক আলিফ হত্যা মামলায় অন্যতম সন্দিগ্ধ আসামি আশিকুর রহমান প্রাঙ্গনকে গ্রেপ্তার করেছে এসআরবি। ছবি: এসআরবির সৌজন্যে
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলায় অন্যতম সন্দিগ্ধ আসামি আশিকুর রহমান প্রাঙ্গনকে (২১) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)। এর আগে এ মামলায় সাজিবুল ইসলাম অপূর্ব নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার দুপুরে এসআরবি-১৪-এর অধিনায়কের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার আশিকুর রহমান প্রাঙ্গন দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকার শাহিন মিয়ার ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌরসভার শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ বেসরকারি আইপি টেলিভিশন চ্যানেল ‘রূপসী বাংলা’র নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম পেজ পরিচালনা করতেন। ওই পেজে সীমান্ত এলাকার বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করতেন তিনি।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৫ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে স্থানীয় একটি মুদি দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফেরার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ। দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাতনামা আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
এসআরবি-১৪ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই মামলাটি ছায়াতদন্তের আওতায় নিয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রাঙ্গনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, এ হত্যা মামলায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে এসআরবি-১৪-এর অভিযান অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।