× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৈকতে অবৈধ হোটেল-রিসোর্ট

চার দপ্তরের তদারকির ফাঁক গলে ঝুঁকিপূর্ণ শতশত স্থাপনা

তাহজীবুল আনাম, কক্সবাজার

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১৪:৫৪ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে অবৈধভাবে গড়ে উঠেছে অনেক হোটেল-রিসোর্টসহ নানা স্থাপনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজার সমুদ্র সৈকতে অবৈধভাবে গড়ে উঠেছে অনেক হোটেল-রিসোর্টসহ নানা স্থাপনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তার চেয়ে যেন অবৈধ ব্যবসাই বড় হয়ে উঠেছে। জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) ও ফায়ার সার্ভিস সরকারের গুরুত্বপূর্ণ চার দপ্তরের তদারকির আওতায় থাকার কথা থাকলেও বছরের পর বছর ধরে অনুমোদনহীন হোটেল, রিসোর্ট ও কটেজ চলছে বলে অভিযোগ উঠেছে। 

কখনো নোটিশ, কখনো অভিযান, আবার কখনো জরিমানা এসব পদক্ষেপের পরও বন্ধ হচ্ছে না অবৈধ স্থাপনা।

সম্প্রতি ইনানীর টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে আগুনে ১০ পর্যটকের মৃত্যুর পর নতুন করে সামনে এসেছে দীর্ঘদিনের এই অনিয়মের চিত্র। প্রশ্ন উঠেছে নিরাপত্তা ঘাটতি ও অনুমোদনের সমস্যা যদি আগে থেকেই সংশ্লিষ্ট দপ্তরগুলোর নজরে থাকে, তাহলে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি কেন?

জেলা প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চারটি সরকারি দপ্তরের তদারকির মধ্যেই বছরের পর বছর অনেক অবৈধ হোটেল-রিসোর্ট ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার ভাষ্য, মাঝেমধ্যে অভিযান ও জরিমানা হলেও অনেক ক্ষেত্রে সেগুলো নামমাত্র পর্যায়ে থেকে যায়। ফলে কিছুদিন পর আবারও একই স্থাপনায় ব্যবসা শুরু হয়।

তবে এই কর্মকর্তার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর বক্তব্যও রয়েছে। তাদের দাবি, জনবল সংকট, দ্রুত অবৈধ স্থাপনা নির্মাণ এবং একাধিক সংস্থার অনুমোদনের প্রয়োজনীয়তার কারণে সব ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।

৫০০ প্রতিষ্ঠানের মধ্যে ফায়ার লাইসেন্স মাত্র ১০০টির  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তথ্য বলছে, কক্সবাজারের প্রায় ৫০০টি হোটেল, রেস্তোরাঁ ও ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে ফায়ার লাইসেন্স রয়েছে মাত্র ১০০টির। অর্থাৎ প্রায় ৪০০ প্রতিষ্ঠানই প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার বলেন, নতুন চালু হওয়া অনলাইন ই-লাইসেন্সিং ব্যবস্থায় আবেদন করেছে মাত্র ৫২টি প্রতিষ্ঠান।

তিনি বলেন, প্রায় ৪০০ প্রতিষ্ঠান এখনো ফায়ার লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছে। অগ্নিনিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত উদ্বেগজনক।

সতর্কতা, নোটিশ ও জরিমানার পরও বন্ধ হচ্ছে না 

পর্যটনকেন্দ্রিক ব্যবসার প্রসারের সঙ্গে সঙ্গে কক্সবাজারের শহর, মেরিন ড্রাইভ ও বিভিন্ন পর্যটন এলাকায় গড়ে উঠেছে অসংখ্য হোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ। অভিযোগ রয়েছে, অনেক স্থাপনাই প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে। কোথাও আবার দাহ্য কাঠ ও বাঁশের মতো উপকরণ ব্যবহার করে তৈরি হয়েছে কক্ষ ও অবকাঠামো।

কউকের অথরাইজড অফিসার ফজলে রাব্বি বলেন, নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়নে অতিরিক্ত খরচ এড়াতে অনেক রিসোর্ট কর্তৃপক্ষ আইন ও বিধিমালা মানতে চায় না।

তিনি বলেন, বারবার সতর্ক করা ও নোটিশ দেওয়ার পরও অনেকেই বিষয়টি গুরুত্ব দেন না। আইনি ব্যবস্থা নিতে গেলে অনুনয়-বিনয় শুরু হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বা উচ্ছেদ করার পরও দুই মাসের মধ্যে একই জায়গায় আবার অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা শুরু করার ঘটনাও ঘটছে।

তার মতে, শুধু সতর্কতা বা সাময়িক জরিমানা দিয়ে এই প্রবণতা বন্ধ করা সম্ভব নয়। প্রয়োজন হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।

টুপটুপের আগুনে উঠেছে জবাবদিহির প্রশ্ন 

গত শনিবার ইনানীর টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে আগুনে ১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের পর্যটন খাতের নিরাপত্তা ব্যবস্থাকে বড় প্রশ্নের মুখে ফেলেছে।

নিহতদের স্বজনদের অভিযোগ, রিসোর্টটির বিভিন্ন অনিয়ম ও নিরাপত্তা ঘাটতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগে থেকেই জানতো। সতর্কতা বা নোটিশের পরও যদি কার্যকর ব্যবস্থা নেওয়া হতো, তাহলে এতগুলো মারা যেত না, প্রাণহানি ঠেকানো হয়তো সম্ভব ছিল।

নিহত এক পর্যটকের স্বজন নঈমুদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের নোটিশ উপেক্ষা করেও শুধু প্রশাসনিক জরিমানা দিয়ে রিসোর্টটির কার্যক্রম চলছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি জরিমানা আদায়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে রিসোর্টটি বন্ধ করে দিত, তাহলে এমন মর্মান্তিক ঘটনা ঘটত না।

আরেক স্বজন ফয়সল জাহান বলেন, নিচতলায় রেস্তোরাঁ পরিচালনার সুযোগ থাকলেও ওপরের কাঠের ও দাহ্য কাঠামো নিয়ে কর্তৃপক্ষের সতর্কতা ছিল। এরপরও সতর্কবার্তা উপেক্ষা করা হয়েছে।

তার প্রশ্ন, সতর্ক করার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ার দায় কার? কর্তৃপক্ষের অবহেলার কারণে পর্যটকদের কেন জীবন দিতে হবে?

প্রশাসনের দাবি, সমন্বয়ই বড় চ্যালেঞ্জ 

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান বলেন, কোনো স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়ার আগে সেটি অনুমোদিত নকশা অনুযায়ী হচ্ছে কি না এবং প্রয়োজনীয় অনুমোদন রয়েছে কি না, তা যাচাই করা জরুরি।

তার মতে, এজন্য সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় প্রয়োজন। বাস্তবে অনেক ক্ষেত্রে রাতারাতি কাঁচা বা দাহ্য উপকরণ দিয়ে স্থাপনা তৈরি হয়ে যায়। প্রশাসনের নজরে আসার আগেই নির্মাণকাজ শেষ হয়ে যাওয়ায় এবং জনবল সংকট থাকায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।

তিনি বলেন, কউকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সমন্বিতভাবে অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এক সপ্তাহের মধ্যে উচ্ছেদ অভিযানের ঘোষণা 

কক্সবাজারকে পরিকল্পিত ও নিরাপদ পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন কউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন।

তিনি বলেন, আইন ও বিধিমালা অনুযায়ী কউকের পরিদর্শকরা নিয়মিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং আইন লঙ্ঘনকারীদের নোটিশ দেওয়া হয়। চূড়ান্ত নোটিশের পরও অবৈধ অংশ অপসারণ না করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

তিনি জানান, ইনানী ও মেরিন ড্রাইভ এলাকার সংশ্লিষ্ট অবৈধ স্থাপনাগুলোকে ইতোমধ্যে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে অন্তত দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হবে।

দুর্ঘটনার পর মামলা, কিন্তু স্থায়ী সমাধান কোথায়?

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় রিসোর্টের মালিক ও ব্যবস্থাপকসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। কিন্তু অতীতের অভিজ্ঞতা বলছে, দুর্ঘটনার পর মামলা, অভিযান ও আশ্বাস এলেও কিছুদিন পর অনেক ক্ষেত্রে পরিস্থিতি আবার আগের জায়গায় ফিরে যায়।

কক্সবাজারে প্রতিবছর লাখ লাখ পর্যটক আসেন সমুদ্র, পাহাড় ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। তাদের নিরাপদ আবাসন নিশ্চিত করা যেখানে পর্যটন ব্যবস্থাপনার অন্যতম প্রধান শর্ত, সেখানে শত শত প্রতিষ্ঠানের ফায়ার লাইসেন্স না থাকা এবং অনুমোদনহীন স্থাপনা বছরের পর বছর টিকে থাকার বিষয়টি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা