× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনিয়ম-দুর্নীতির অভিযোগে লক্ষ্মীপুরের তিন দপ্তরের নির্বাহী প্রকৌশলী বদলি

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১৪:০৬ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৬ ১৪:২৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে অনিয়ম-দুর্নীতি ও ঘুষ নেওয়াসহ নানা অভিযোগের প্রেক্ষিতে তিনটি গুরুত্বপূর্ণ দপ্তরের নির্বাহী প্রকৌশলীকে বরখাস্ত এবং বদলি করা হয়েছে। 

তারা হলেন লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তার ও লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন।

এরমধ্যে ‘ঘুষ’ গ্রহণের সময় পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় তাকে সাময়িক বরখাস্ত করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, বকেয়া বিল ও মালামালের ফাইল অনুমোদনের বিনিময়ে এক ঠিকাদারের কাছে তিনি সরাসরি মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। সেই কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে বলতে শোনা যায় ‘২ কোটি টাকার নিচে নেব না’। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে গত ২৮ সেপ্টেম্বর তাকে (নুরুল আমিন) চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি।

এদিকে লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকায় ৭ কোটি ৩৭ লাখ টাকার সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণকাজে অতি নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। স্থানীয়রা এ নিয়ে ক্ষোভ জানান। ইতোমধ্যে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধানে নেমে প্রকৌশলীকে তলব করে। এসব ঘটনায় গত ১৫ অক্টোবর লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন জুয়েলকে বদলি করা হয়েছে। তাকে খাগড়াছড়ি পৌরসভায় পদায়ন করে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

অন্যদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিদায়ী নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তারের বিরুদ্ধে ৯ হাজার ৩৮৯টি টুইন পিট ল্যাট্রিন বিতরণ এবং ৫৬ কোটি টাকার ওয়াশ প্রকল্পে ব্যাপক কারচুপির অভিযোগ উঠে। এ ছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৮ থেকে ৯ কোটি টাকা ব্যয়ে ওয়াশব্লক নির্মাণেও মারাত্মক অনিয়ম ও তদারকিতে অবহেলার প্রমাণ মেলে। এর আগে গাজীপুরে দায়িত্ব পালনকালেও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ছিল বলে জানা গেছে। একাধিক গণমাধ্যমে টুইনপিট ল্যাট্টিন বিতরণ কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। অবশেষে গত ২৪ আগস্ট তাকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বদলি করা হয়।  

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) লক্ষ্মীপুর সভাপতি কামাল হোসেন বলেন, শুধু বদলি বা বরখাস্ত নয়, তাদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। অভিযুক্ত কর্মকর্তাদের মেয়াদকালে সম্পন্ন হওয়া প্রতিটি প্রকল্পের নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ অডিট করা প্রয়োজন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা