কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
নাঙ্গলকোটের নাওটী স্টেশনের অদূরে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকামুখী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জামাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
ট্রেনে থাকা যাত্রীদের ভাষ্য, দুপুর ১২টা ২০ মিনিটের পর ট্রেনটি নাঙ্গলকোট স্টেশন ছেড়ে যায়। এ সময় ট্রেনটির গতি অন্যান্য দিনের তুলনায় বেশি ছিল বলে দাবি করেন তারা। নাওটী স্টেশন অতিক্রম করার পর হঠাৎ ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শুরু হয় হুড়োহুড়ি।
এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হন। তাদের মধ্যে কয়েকজনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। কারও কারও মাথা ফেটে যাওয়ার খবরও পাওয়া গেছে। তবে দুর্ঘটনায় মোট কতজন আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ট্রেনের যাত্রী নাহিদা আক্তার বলেন, “চলন্ত অবস্থায় হঠাৎ তীব্র শব্দ হয়। এরপর একজনের গায়ে আরেকজন কাত হয়ে পড়ে। কয়েকজন পদপিষ্ট হন। তাড়াহুড়ো করে ট্রেন থেকে নিচে নেমে দেখি, ধোঁয়া বের হচ্ছে”।
নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, “দুর্ঘটনার খবরটি পেয়েছি। হতাহতের খবর সম্পর্কে এখনো বিস্তারিত জানতে পারিনি। একটু পর ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন যাবে”।
এদিকে ঘটনার পর ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।