আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১৩:৩৭ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৬ ১৪:৩১ পিএম
গলাচিপার চর বিশ্বাস ইউনিয়নের মধ্য চর কাজল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বছরের পর বছর শিক্ষক নিয়োগ হলেও কাটছে না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট।
বিশেষ করে দুর্গম চর কাজল ও চর বিশ্বাস ইউনিয়নের বিদ্যালয়গুলোতে সংকট প্রকট। কোথাও এক-দুজন শিক্ষককে একাধিক শ্রেণির পড়াতে হচ্ছে, আবার কোথাও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি নিতে হচ্ছে ক্লাস। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, গলাচিপার ১৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুমোদিত ১৯৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১২০ জন। শূন্য রয়েছে ৬৫টি পদ এবং মামলা-সংক্রান্ত কারণে সংরক্ষিত রয়েছে ১০টি পদ। এসব বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকদের চলতি দ্বায়িত্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করে স্কুল পরিচালনা করা হচ্ছে। অন্যদিকে, সহকারী শিক্ষকের ১ হাজার ১২টি পদের বিপরীতে কর্মরত ৮৯৩ জন, শূন্য রয়েছে ১১৯টি পদ।
চর কাজল ও চর বিশ্বাস ইউনিয়নের ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুমোদিত ১২৮টি শিক্ষক পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৫৯ জন। শূন্য রয়েছে ৬৯টি পদ, যা মোট পদের প্রায় ৫৪ শতাংশ। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ৫ হাজার ৫১১ জন। ফলে অনেক বিদ্যালয়ে একজন শিক্ষককে একসঙ্গে একাধিক শ্রেণিতে পড়াতে হচ্ছে।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৩ ও ২০২৪ সালে এই দুই ইউনিয়নে নতুন করে ১৫ জন শিক্ষক যোগদান করেন। তাদের মধ্যে তিনজন চাকরি ছেড়ে দেন এবং একই সময়ে অবসরে যান আরও নয়জন। চলতি বছরের নিয়োগপ্রক্রিয়ায় গলাচিপায় ৪৫ জন শিক্ষক সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনকে চর কাজল ও চর বিশ্বাসে পদায়ন করা হয়েছে। তবে এতেও শূন্য পদ পূরণ হবে না। এ ছাড়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ১৭ জন শিক্ষককে বদলি করা হয়েছে এবং পাঁচজন শিক্ষক অবসরের কাছাকাছি রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে সংকট যেন কাটছে না।
মধ্য চর কাজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান মিলন বলেন, একটি শ্রেণিকক্ষে তিনটি ক্লাস একসঙ্গে নিতে হয়। ৭০-৮০ জন শিক্ষার্থীকে একজন শিক্ষক দিয়ে ভালো পাঠদান সম্ভব নয়।
দক্ষিণ চর বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পারভেজ হাসান বলেন, বেশিরভাগ সময় একাই তিনটি শ্রেণির ক্লাস নিতে হয়। পাশের উপজেলায় দুর্গম ভাতা আছে, আমাদের নেই। এভাবে ক্লাস নেওয়া খুবই কঠিন।
অভিভাবক আছমা আক্তার বলেন, পর্যাপ্ত শিক্ষক না থাকায় সন্তানরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। আরেক অভিভাবক আনিস হোসেনের দাবি, দুর্গম এলাকায় শিক্ষক সংকট কমাতে স্থানীয় শিক্ষিত তরুণ-তরুণীদের নিয়োগের সুযোগ তৈরি করা প্রয়োজন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনু মোল্লা বলেন, চরবিশ্বাস ও চরকাজল দুর্গম এলাকা হওয়ায় শিক্ষকদের নদী পেরিয়ে আসতে হয়। থাকা-খাওয়ার ব্যবস্থাও সীমিত। স্থানীয়ভাবে নিয়োগের সুযোগ থাকলে শিক্ষক সংকট অনেকটাই কমত।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর বলেন, চলতি বছরে শিক্ষক নিয়োগে চর কাজল ও চর বিশ্বাসের শূন্য পদগুলোতে সর্বোচ্চসংখ্যক শিক্ষক পদায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলা বিদ্যালয়গুলোতে পদোন্নতির মাধ্যমে নিয়মিত প্রধান শিক্ষক পদায়নের সুপারিশও করা হয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত শূন্য পদ পূরণের পাশাপাশি দুর্গম ভাতা, শিক্ষকদের আবাসন সুবিধা এবং দীর্ঘমেয়াদি পদায়নের ব্যবস্থা করতে হবে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, দুর্গম চরাঞ্চলের শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক নিয়োগের পাশাপাশি তাদের কর্মস্থলে ধরে রাখার কার্যকর উদ্যোগ জরুরি।