ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জ জে এম সন হল পুজামণ্ডপ পরিদর্শন শেষে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেখানে মহানগর বিএনপি, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন।
মঙ্গলবার রাত
৯টা ৫৬ মিনিটে প্রধানমন্ত্রী রেডিসনে পৌঁছান। এর আগে রাত ৭টা ৪০ মিনিটে একটি সামরিক
বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বৈঠকে তারেক
রহমান মহানগর বিএনপি, উত্তর ও দক্ষিণ জেলার নেতৃবৃন্দকে জাতীয় নির্বাচনের মতো পরবর্তী
নির্বাচনগুলোতে সকলের আন্তরিকতার সঙ্গে দলীয় শৃঙ্খলা মেনে কার্যক্রম পরিচালনা করার
আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী
দল (বিএনপি)-এর চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক এবং দপ্তরের দায়িত্বপ্রাপ্ত
শওকত আজম খাজা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পরিবারের সদস্যদের মধ্যে ভালো খারাপ সদস্য
থাকবেন। থানা, ওয়ার্ডের নেতৃবৃন্দ তাদের দায়িত্ব নেবেন। তাদের দলীয় শৃঙ্খলায় ফিরিয়ে
এনে দেশ ও সমাজ উন্নয়ন কাজ পরিচালনা করা নেতৃবৃন্দের দায়িত্ব। যাতে এলাকায় কোনো
রকম চাঁদাবাজি, সন্ত্রাসী, দখল ইত্যাদি ঘটনা না ঘটে।সরকারের উন্নয়ন বার্তা সাধারণ
মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের।
স্থানীয় সরকার
নির্বাচন নিয়ে কি বার্তা পেলেন জানতে চাইলে শওকত আজম খাজা বলেন, জাতীয় নির্বাচনের
সময় যেভাবে দলীয় নেতাকর্মীরা সহযোগিতা করেছেন ঠিক পরবর্তী নির্বাচনগুলোতে এর কোনো
ব্যতিক্রম না ঘটে। দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে দলীয় ভাবমূর্তি উজ্জ্বল রেখে
দলের শৃঙ্খলা মেনে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলেছেন।
বৈঠকে উপস্থিত
ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
আহমেদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর
রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির স্থায়ী
কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার
মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম
জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীমসহ বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য ও নেতারা।