× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাগুরায় যুবদল নেতার মৃত্যু ঘিরে রহস্য, বিচারের দাবিতে সড়ক অবরোধ

মাগুরা প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১২:০৯ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৬ ১৪:৪৩ পিএম

মাগুরায় যুবদল নেতার মৃত্যু ঘিরে রহস্য,  বিচারের দাবিতে সড়ক অবরোধ

মাগুরায় যুবদল নেতার মৃত্যু ঘিরে রহস্য, বিচারের দাবিতে সড়ক অবরোধ

মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার বাসিন্দা ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাকের হোসেন শাকেরের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।

বুধবার ভোরে শহরের পৌর বাসটার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথার পেছনে সন্দেহজনক ছিদ্র পাওয়া গেলেও সেটি গুলির ক্ষত কি না- তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিহত শাকের শহরের পারনান্দুয়ালী বেপারীপাড়ার মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি মাগুরা পৌর টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টার মাস্টার হিসেবে দায়িত্ব পালন করতেন।

নিহতের স্বজন খবির হোসেনের ভাষ্য অনুযায়ী, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি কাউন্টারে আসেন। এ সময় কাউন্টারে থাকা যাত্রীরা বাথরুমে গেলে সেখানে লোকজনের উপস্থিতি কমে যায়।

পরে ওই দুই ব্যক্তি শাকেরের কাছে টিকিট আছে কি না, জানতে চান। শাকের টিকিটের অবস্থান দেখতে মাথা নিচু করার সময় তার মাথার পেছনের নিচের অংশে গুলির মতো আঘাত লাগে বলে দাবি করেন তার স্বজন। এতে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন।

বাথরুম থেকে ফিরে যাত্রীরা তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাদের সহযোগিতায় স্থানীয় লোকজন দ্রুত শাকেরকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে
 গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাইনুল হাসান তাকে মৃত ঘোষণা করেন। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল বলে জানান তিনি। তার মাথার পেছনে একটি সন্দেহজনক ছিদ্র পাওয়া গেছেÑ যার আশপাশে রক্ত লেগে ছিল। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব নয়। পুলিশি তদন্তের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হবে।

এদিকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দাবি, শাকেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। তাদের ধারণা, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মাগুরা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন বলেন, “প্রথমে আমরা তার মৃত্যুর খবর পাই। পরে গোসল করানোর সময় মাথার পেছনে গুলির মতো একটি ক্ষত দেখতে পাওয়া যায়।”

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে শাকের গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থলে সিআইডি ও অন্যান্য বিশেষজ্ঞ দল কাজ করছে। তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ ঘটনা পরিদর্শনে আসেন মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। তিনি বলেন, আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত আসামিদের গ্রেপ্তার দাবি জানাচ্ছি। পাশাপাশি মাগুরার জন্য এটা একটি অশনি সংকেত। এই প্রথম কাউকে টার্গেট কিলিং করা হয়েছে।
এদিকে শাকেরের মৃত্যুর ঘটনায় দ্রুত বিচার দাবিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাগুরা বাসটার্মিনাল সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা