× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে নারীর মৃত্যুদণ্ড, মির্জাপুরে শোকের ছায়া

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ২২:১৯ পিএম

আপডেট : ২০ অক্টোবর ২০২৬ ২২:২৫ পিএম

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি নারী সুইটি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে। মেয়ের মৃত্যুতে বাবা-মা দিশেহারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি নারী সুইটি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে। মেয়ের মৃত্যুতে বাবা-মা দিশেহারা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি নারী সুইটি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের ছাওয়ালি চরপাড়া গ্রামে বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে।

সরকারি নথিতে তাঁর পরিচয় ও সৌদি আরবে যাওয়ার তথ্য পাওয়া গেলেও মৃত্যুদণ্ড কার্যকরের আগে বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না বলে দাবি পরিবারের। মেয়ের মৃত্যুর খবর বিভিন্ন মাধ্যমে জানার পর থেকে অনিশ্চয়তা ও শোকের মধ্যে দিন কাটছে তাঁদের। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত তথ্য প্রকাশ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন স্বজনেরা।

সরকারি নথি অনুযায়ী, ২০০১ সালের ১১ আগস্ট জন্ম সুইটি আক্তারের, বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়। বাবা ফজল মিয়া, মা জহুরা বেগম। ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি এস রানা ট্রেডিং ইন্টারন্যাশনাল নামের একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সৌদি আরবে যাওয়ার বহির্গমন ছাড়পত্র পান তিনি। দেশটিতে তাঁর নিয়োগকারী প্রতিষ্ঠান ছিল আল মাজাল আল আরাবি গ্রুপ কোম্পানি।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে তাঁদের আদালতে নেওয়া হলে আদালত অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে মৃত্যুদণ্ড দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও রাজকীয় আদেশের পর গত ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে ঠিক কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাদের সাজা দেওয়া হয়েছে, সে বিষয়ে বাংলাদেশকে আগাম জানানো হয়নি বলে জানিয়েছে দেশটির বাংলাদেশ কনস্যুলেট। বিষয়টি নিয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ সরকার।

সৌদি কর্তৃপক্ষের ঘোষণায় তরুণীর নাম সিতি আখতার এবং যুবকের নাম নাজেরুল ইসলাম আবদুল বশির উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন সামাজিক মাধ্যমে  তরুণীর নাম সুইটি আক্তার বলে প্রকাশিত হয়েছে। বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া গ্রামে।

বাংলাদেশের জেদ্দা কনস্যুলেট জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষ তাদের এ বিষয়ে কিছু জানায়নি। ঘটনার আনুষ্ঠানিক স্বীকৃতি ও বিস্তারিত তথ্য চেয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে। ১৮ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবের রাষ্ট্রদূতের কাছে এ ঘটনার ব্যাখ্যা চেয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মৃত্যুদণ্ড কার্যকরের পর বিষয়টি সম্পর্কে জানতে পারেন তারা। 

এ বিষয়ে তার পিতা ফজল মিয়া ও মাতা জহুরা বেগমসহ পরিবারের সদস্যদের কাছে জানতে চাইলে তারা জানান, অভাবের সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় মেয়েকে সৌদি আরবে পাঠিয়েছিলেন তাঁরা। কিন্তু সেখানে যাওয়ার পর তাঁর ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে তাঁদের কোনো ধারণা ছিল না। বিভিন্ন মাধ্যমে মেয়ের মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানার পর থেকে তাঁরা ভেঙে পড়েছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এই বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত এমন কোন তথ্য নেই যে ঐ নারী মহেড়ার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা