× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক আলিফ হত্যা

ঘটনার রহস্য উদঘাটনের দ্বারপ্রান্তে পুলিশ : ডিআইজি

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ২০:৪২ পিএম

নেত্রকোণা শহরের শিববাড়ি পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোণা শহরের শিববাড়ি পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে হত্যা মামলার রহস্য উদঘাটন এবং ঘটনায় জড়িতদের কাছাকাছি পৌঁছে গেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে এখনই জড়িতদের নাম প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।

মামলার অগ্রগতি জানাতে গিয়ে মঙ্গলবার দুপুরে নেত্রকোণা শহরের শিববাড়ি পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এছাড়া এ ঘটনায় গ্রেপ্তার এক সন্দেহভাজনকে আরও চার দিনের রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

ডিআইজি বলেন, আসামিদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। পুলিশকে প্রায় নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। এ মামলার তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) যুক্ত করা হয়েছে বলে জানান ডিআইজি।

তিনি বলেন, নেত্রকোণা সীমান্তবর্তী জেলা হওয়ায় অনেক সময় অপরাধীরা অপরাধ সংঘটিত করে সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে আসামিদের গ্রেপ্তারে কিছুটা জটিলতা তৈরি হয়। তবে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করছে। এ সময় নেত্রকোণার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম এবং নেত্রকোণা মডেল থানার ওসি আবুল খায়ের উপস্থিত ছিলেন।

গ্রেপ্তার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে : হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার সাজিবুল ইসলাম ওরফে অপূর্বের আরও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এক দিনের রিমান্ড শেষে মঙ্গলবার তাকে দুর্গাপুর চৌকি আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে বেশকিছু তথ্য পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আরও জিজ্ঞাবাদের দরকার রয়েছে। পুলিশের দাবি, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের সময় অপূর্ব সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সেই সময় অস্ত্রভর্তি একটি ব্যাগ তার হেফাজতে ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপূর্ব বিষয়টি স্বীকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তেলঞ্জিয়া এলাকার একটি দোকানে চা খেয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ ফকির। এ ঘটনার পরদিন শুক্রবার নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতনামা আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেন।

তাহিরপুরে মানববন্ধন : প্রতিদিনের বাংলাদেশের তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিবেদকের তথ্যানুযায়ী, নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক এমএ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার বৃহত্তর বাদাঘাট বাজারের প্রধান সড়কে তাহিরপুরে কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন। মানববন্ধন থেকে দুই ঘটনায় জড়িত সব আসামিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা