প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ২০:৩৮ পিএম
পাবনায় মাকে খুন করেছেন ছেলে এবং ঝিনাইদহে জামাইকে কুপিয়ে হত্যা করেছেন শ্বশুর। অন্যদিকে কুড়িগ্রাম, টাঙ্গাইল ও যশোরে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
পাবনা : পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না দেওয়ায় নিজের মাকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বৃলাড়ীবাড়ী ইউনিয়নের লক্ষ্মীকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সূর্যবানু (৬০) ওই এলাকার মৃত লোকমান সরদারের স্ত্রী। অভিযুক্ত তাদের সন্তান উদ্দিন সরদার।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, নেশার টাকা না দেয়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্ত ছেলেকে পাশের একটি বাড়ির থেকে আটক করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
ঝিনাইদহ : জেলার মহেশপুরে পারিবারিক কলহের জের ধরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও স্থানীয়দের সহযোগিতায় ঘাতক তরিকুল ইসলামকে আটক করা হয়েছে।
উলিপুর (কুড়িগ্রাম) : জেলার উলিপুরে মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামের এক বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের কিশামত মধুপুর খামার গ্রামের পণ্ডিতপাড়া এলাকায় তার ভাতিজার বাড়ির একটি শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলা দায়ের ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।