চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ২০:২৭ পিএম
কক্সবাজার মাতামুহুরীর পূর্ব বড় ভেওলার চরপাড়ায় স্থানীয় উদ্যোক্তা আবু তাহের রহমানীর স্থাপিত বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বর্তমান বিশ্ব ও বাংলাদেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বায়োগ্যাস প্লান্টের মাধ্যমে ঘরে ঘরে জ্বালানি ও বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হলে দেশের আমূল পরিবর্তন ঘটানো যাবে। এ লক্ষ্যেই সরকার সারা দেশে বায়োগ্যাস প্লান্ট ছড়িয়ে দিতে কাজ করছে।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার মাতামুহুরীর পূর্ব বড় ভেওলার চরপাড়ায় স্থানীয় উদ্যোক্তা আবু তাহের রহমানীর স্থাপিত বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন ও প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
প্রতিমন্ত্রী বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন। এ ধরনের উদ্যোগ সম্প্রসারণ করা গেলে স্থানীয় পর্যায়ে জ্বালানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।
স্থানীয় উদ্যোক্তা আবু তাহের রহমানী জানান, তার স্থাপিত বায়োগ্যাস প্লান্ট থেকে বর্তমানে এলাকার ১৫টি পরিবারে গ্যাস সরবরাহ করা হচ্ছে। সরকারি সহযোগিতা পেলে গ্যাস সরবরাহ সম্প্রসারণের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে চান।
অনুষ্ঠানে চকরিয়া ও মাতামুহুরী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন দেলোয়ারসহ যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে নির্বাচিত চারজনকে সনদ দেন প্রতিমন্ত্রী। এ ছাড়া নির্বাচিত দুজন উদ্যোক্তার হাতে চেক তুলে দেওয়া হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজারের বাস্তবায়নে বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।