ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ২০:২৩ পিএম
ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৩৬টি পূজামণ্ডপে অর্থ সহায়তা এবং শাড়ি বিতরণ করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ধর্ম যার যার, দেশটা সবারÑ এই চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
মঙ্গলবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ৩৬টি পূজামণ্ডপে নগদ অর্থ সহায়তা এবং প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত শাড়ি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিতরণ করা হয়।
এ সময় রাজনীতির মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন ও ভালোবাসা তাদের অনুপ্রাণিত করেছে উল্লেখ করে তিনি বলেন, যারা মানুষের পাশে থাকবে এবং জনগণের উন্নয়ন ও অধিকার রক্ষায় কাজ করবে, জনগণ তাদের সমর্থন দেবে।
এটি জনগণের গণতান্ত্রিক অধিকার। তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সম্প্রীতির পরিবেশে উদযাপনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী ও তার পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান মন্ত্রী। ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন এবং হিন্দু ঐক্যফ্রন্টের সভাপতি নিরঞ্জন চন্দ্র সাহা। এ ছাড়া স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।