আঞ্চলিক প্রতিবেদক, পটুয়াখালী
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৯:৫৪ পিএম
বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর পরিবারটিকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর বাউফলে অগ্নিকাণ্ডে বসতঘর, গবাদি পশু ও আসবাবপত্রের সঙ্গে পুড়ে গেছে বোনের বিয়ের জন্য দীর্ঘ ১০-১২ বছরে জমানো প্রায় সাত লাখ টাকা।
কৃষিকাজ ও গরু-ছাগল পালন করে ধীরে ধীরে গড়ে তোলা সঞ্চয় হারিয়ে পরিবারটি এখন চরম আর্থিক সংকটে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়েছেন বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর। তিনি পরিবারটিকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত মোশাররফ হোসেনের পরিবারের হাতে এ সহায়তা দেওয়া হয়।
এর আগে গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাংলালিংক টাওয়ার সংলগ্ন এলাকায় মোশাররফ হোসেনের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দুটি গরু, ছয়টি ছাগল, হাঁস-মুরগি ও ঘরের আসবাবপত্র পুড়ে যায়। একই সঙ্গে ঘরে রাখা বোনের বিয়ের জন্য সঞ্চিত প্রায় সাত লাখ টাকাও পুড়ে যায়। এতে বসতঘর ও গবাদি পশু হারানোর পাশাপাশি পরিবারের দীর্ঘদিনের সঞ্চয়ও শেষ হয়ে যায়।
মোশাররফের এই ক্ষতির খবর পেয়ে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন হুমায়ুন কবীর। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে বাউফল পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছি। তারেক রহমানের পক্ষ থেকে আমি ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আর্থিক সহায়তা করেছি।