দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৩ ০৯:৪০ এএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩ ১১:১৪ এএম
শাহাবুল ইসলাম শাওনকে দেওয়া অব্যাহতিপত্র। ছবি: প্রবা
বিয়ের দাবিতে বাড়িতে প্রেমিকার অনশনের পর দিনাজপুরের বিরামপুরের ছাত্রলীগ নেতা শাহাবুল ইসলাম শাওনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙের কারণ দেখিয়ে সোমবার (৯ জানুয়ারি) রাতে পলিপ্রায়াগপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে শাহাবুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। সেই পদ পেয়েছেন ফরহাদ হোসেন। তিনি হয়েছেন ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়।
ছাত্রলীগ নেতা শাহাবুল ইসলাম শাওনের বাড়িতে বিয়ের দাবিতে তিন দিন ধরে অনশন করছিলেন তার প্রেমিকা। সোমবার সন্ধ্যায় শাহাবুল ইসলাম তাকে বিয়ে করেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক।
গত শুক্রবার দুপুর থেকে বিয়ের দাবিতে শাহাবুল ইসলাম শাওনের বাড়িতে অনশন করেন পার্শ্ববর্তী মুকুন্দপুর ইউনিয়নের কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়। সেই দিন থেকেই পলাতক ছিলেন শাহাবুল। পরে সোমবার সন্ধ্যায় ঘোড়াঘাট রানিগঞ্জ এলাকায় ওই মেয়েকে বিয়ে করেন শাহাবুল।
ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক বলেন, শাহাবুলের বাড়িতে গত কয়েক দিন ধরে এক কলেজ শিক্ষার্থী বিয়ের দাবিতে অনশন করেন। ছাত্রলীগ একটি পরিচ্ছন্ন সংগঠন। তার এই কর্মকাণ্ডের দায় সংগঠন মেনে নিতে পারে না। সংগঠনের শৃঙ্খলা ভঙের কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।