× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে সড়ক দুর্ঘটনা

পটুয়াখালীতে বাবা-মেয়ের মরদেহ, রাজশাহীতে চিকিৎসাধীন মা-ছেলে

বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৯:৩৭ পিএম

বনপাড়ায় বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জের শহীদুল ইসলাম ও তার মেয়ে তাসফিয়া, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন স্ত্রী রুবিনা খাতুন। ছবি: সংগৃহীত

বনপাড়ায় বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জের শহীদুল ইসলাম ও তার মেয়ে তাসফিয়া, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন স্ত্রী রুবিনা খাতুন। ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন পটুয়াখালীর মির্জাগঞ্জের শহীদুল ইসলাম (৪৫) ও তার মেয়ে তাসফিয়া (৮)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শহীদুলের স্ত্রী রুবিনা খাতুন (৩৭) ও ছেলে লাবিব (১২)। তারা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে নিহত বাবা-মেয়ের মরদেহ পটুয়াখালীর সুবিদখালী গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে। তবে তাদের মৃত্যুর খবর এখনও জানানো হয়নি আহত মা-ছেলেকে।

নিহত শহীদুল ইসলাম ব্র্যাক ব্যাংকের মাগুরা শাখার ক্রেডিট ম্যানেজার এবং তার স্ত্রী রুবিনা খাতুন পূবালী ব্যাংকের পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী শাখার সিনিয়র অফিসার।

পারিবারিক সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর কর্মস্থল দূরে হওয়ায় পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে বেড়ানোর সুযোগ খুব একটা হতো না। এবার পূজার ছুটি দীর্ঘ হওয়ায় দুই সন্তানকে নিয়ে রাজশাহীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন তারা। সে অনুযায়ী, সোমবার বিকেলে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালী থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আরপি পরিবহনের একটি বাসে ওঠেন শহীদুল। তাদের গন্তব্য ছিল রাজশাহীর পাঠানপাড়ায় রুবিনার বড় বোনের স্বামী শহীদুর রহমানের বাড়ি।

পথিমধ্যে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে বনপাড়া এলাকায় বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শহীদুল ও তার মেয়ে তাসফিয়ার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত রুবিনাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। আর অচেতন অবস্থায় লাবিবকে নেওয়া হয় নাটোর সদর হাসপাতালে। উদ্ধারকর্মীরা প্রাথমিকভাবে আহতদের পারস্পরিক সম্পর্ক শনাক্ত করতে পারেননি।

এদিকে লাবিবের পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা তার অচেতন অবস্থার ছবি ফেসবুকে প্রকাশ করে পরিচয় জানার চেষ্টা করেন। পরে বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন তার পরিচয় শনাক্ত করেন। এরপর লাবিবকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

নিহত শহীদুলের ফুফাতো ভাই সুজন হাওলাদার জানান, সোমবার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আরপি পরিবহনের বাসে রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছিলেন শহীদুল। কিন্তু পথেই দুর্ঘটনায় প্রাণ হারান বাবা ও মেয়ে। হাসপাতালে চিকিৎসাধীন রুবিনা ও লাবিবকে এখনো তাদের মৃত্যুর খবর জানানো হয়নি। তাদের অজান্তেই বাবা-মেয়ের মরদেহ সুবিদখালী গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি আরও জানান, শহীদুল ও রুবিনা দুজনই ব্যাংকে চাকরি করেন। তাদের মেয়ে তাসফিয়া স্থানীয় একটি মাদরাসায় পড়ত। ছেলে লাবিব সুবিদখালী আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

উল্লেখ্য, বড়াইগ্রামের বনপাড়ায় সংঘটিত এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোট ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা