টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৯:১৬ পিএম
টেকনাফ ও উখিয়া সীমান্তে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ চার জনকে আটক করেছে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে পৃথক অভিযানে ১৩ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। এ সময় চার মাদক কারবারিকে আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, গত সোমবার রাত ৮টা ১০ মিনিটে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপের চালক মো. সাইফুল ইসলামকে আটক করা হয়।
একই রাতে উখিয়ার পালংখালী সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করা তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- উখিয়ার কাটাখাল এলাকার রাসেল ও শাকিল এবং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা খাইরুল আমিন। পরে তাদের তল্লাশি করে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, গত এক বছরে নাফ নদী ও সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে ১ কোটি ৭৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ২৩৮ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছি।