কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৮:৫৮ পিএম
কালীগঞ্জ পৌরসভাধীন বেদেপল্লীতে আধিপত্য বিস্তার, মাদক বেচাকেনা ও ড্রাগন ফল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভাধীন বেদেপল্লীতে আধিপত্য বিস্তার, মাদক বেচাকেনা ও ড্রাগন ফল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গত সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত চলা এই সহিংসতায় বেশ কয়েকজন আহত হয়েছে এবং বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে। ফলে পুরো বেদেপল্লীতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেক বাসিন্দা ঘর ছেড়ে অন্য এলাকায় আশ্রয় নিয়েছেন।
এ ঘটনার জেরে সোমবার রাতে বেদেপল্লীর একাংশের সরদার মনিরুল ইসলাম এবং স্থানীয় বাসিন্দা ইমাম হোসেন লাভলুর পক্ষের মধ্যে গোলযোগ শুরু হয়। একপর্যায়ে দফায় দফায় হামলায় অন্তত ৫-৬টি দোকান এবং বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়।
এ ঘটনার পর মঙ্গলবার সকালে গ্রামের লোকজন ক্ষুব্ধ হয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে শামীম হোসেন ও ইমাম হোসেন লাভলুসহ কয়েকজনকে আটকে রেখে মারধর করে। এতে সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে উত্তেজনা বাড়তে থাকায় জেলা পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ সদস্য আনা হয়। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষ ও উত্তেজনার ঘটনায় বেশ কয়েকজন আহত হন। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।