গাছ কেটে সড়কে ডাকাতি
হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৮:৪৪ পিএম
নবাবগঞ্জে সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তিন থেকে চারটি যানবাহনে ডাকাতির ঘটনায় ডাকাতদলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দিনাজপুরের নবাবগঞ্জে সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তিন থেকে চারটি যানবাহনে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাতদলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
এ সময় লুণ্ঠিত মালামালের মধ্যে দুটি ল্যাপটপ ও ছয়টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ডাকাতিতে ব্যবহৃত একটি করাত ও একটি কাস্তে জব্দ করা হয়।
মঙ্গলবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন। এ সময় জেলা গোয়েন্দা শাখার ওসি মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শাকিল সরকার ও রুহুল আমিন, রংপুরের পীরগঞ্জের রাশেদ মিয়া, রবিউল প্রধান, সাজু মিয়া, আরিফুল ইসলাম, মিরাজ মিয়া এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাহিন মিয়া।
পুলিশ জানায়, গত ১২ অক্টোবর রাত ২টা থেকে ২টা ৪০ মিনিটের মধ্যে নবাবগঞ্জ ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের নবাবগঞ্জ-ভাদুরিয়া সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে। ১২ থেকে ১৩ জনের একটি দল সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানসহ তিন থেকে চারটি যানবাহনের চালক, সহকারী ও যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে মালামাল লুট করে নিয়ে যায়।
লুণ্ঠিত মালামালের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ২৮টি মোবাইল ফোনসেট, চারটি ল্যাপটপ, একটি কম্পিউটার মনিটর, তিনটি ট্যাব, ১৪ হাজার ৩০০ টাকা, তিনটি মোবাইল ফোনের বক্স, চার কার্টন ওষুধ এবং বিভিন্ন ধরনের ১০টি নথিপত্র।
এ ঘটনায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানচালক আরাফাত প্রামাণিক বাদী হয়ে নবাবগঞ্জ থানায় অজ্ঞাতপরিচয় ১২ থেকে ১৩ জনকে আসামি করে মামলা করেন।