বগুড়া অফিস
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৮:৩৯ পিএম
বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ায় টহল পুলিশের ওপর হামলা চালিয়ে আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তার সহযোগী ও স্থানীয় কয়েকজন নারী। এ সময় ধাক্কাধাক্কিতে এএসআই উজ্জ্বল সামান্য আহত হন। পরে পুলিশ ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায়।
মঙ্গলবার দুপুরে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক রতন বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়া এলাকার বাদল বেপারীর ছেলে। তিনি পেশায় সামুদ্রিক নৌযানের চালক।
পুলিশ জানায়, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে শহরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। এ সময় পকেটমারার চেষ্টার অভিযোগে রতন নামের এক ব্যক্তিকে আটক করতে গেলে তার সহযোগী ও স্থানীয় কয়েকজন নারী পুলিশের ওপর চড়াও হন। তারা রতনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ধাক্কাধাক্কিতে এএসআই উজ্জ্বল আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রতনকে থানায় নিয়ে যায়। আহত পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, আটক রতনের বিরুদ্ধে অস্ত্র, চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দ্রুত বিচার আইনে বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে।