বিয়ানীবাজার (সিলেট) প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৮:৩৬ পিএম
বিয়ানীবাজার উপজেলার উত্তর দেউল গ্রাম এলাকায় নদীগর্ভে বিলীন হয়ে গেছে এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিয়ানীবাজার উপজেলার উত্তর দেউল গ্রাম এলাকায় কুশিয়ারা নদীর ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। চোখের পলকে নদীতীর ভাঙনের একটি দৃশ্য স্থানীয়দের মোবাইলে ধারণ করা হয়েছে, যা ছড়িয়ে পড়ার পর থেকে এলাকাজুড়ে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে।
ভাঙনের কবলে পড়ে ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। ফলে পুরো অঞ্চলের অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা এখন বিচ্ছিন্ন।
এমন ভয়াবহ পরিস্থিতিতে চরম নদীভাঙন কবলিত সাবেক মেম্বারের বাড়ির সামনের অংশ সরেজমিন পরিদর্শন করেছেন বিয়ানীবাজার উপজেলা ইউএনও উম্মে হাবিবা মজুমদার। গত সোমবার বিকালে পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ও নদীভাঙনের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং ক্ষতিগ্রস্ত ও আতঙ্কিত স্থানীয় অধিবাসীদের খোঁজখবর নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ নদীভাঙন তীব্র হওয়ার ফলে উত্তর দেউল গ্রামের বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মূল সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে চলাচলে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা না হলে দেউল গ্রামের আরও বিস্তীর্ণ কৃষিজমি, চলাচলের রাস্তা ও অসংখ্য বসতভিটা নদীগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন ভুক্তভোগী এলাকাবাসী।
ভুক্তভোগী এলাকাবাসীর দাবিÑ জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে এবং পরবর্তী সময়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন রোধে টেকসই পদক্ষেপ নেওয়া হোক। তাহলেই কেবল তাদের ভিটামাটি ও শেষ সম্বলটুকু রক্ষা করা সম্ভব হবে।
এখন দেউল গ্রামের সাধারণ মানুষের একটাই প্রত্যাশাÑ প্রশাসনের আশ্বাস যেন শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে দ্রুত বাস্তবে রূপান্তরিত হয় এবং কার্যকর উদ্যোগের মাধ্যমে তাদের ঘরবাড়ি ও সম্পদ নদীগর্ভে বিলীন হওয়া থেকে রক্ষা পায়।