× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহত ১৪ জনের মধ্যে জাজিরার ৫ ব্যবসায়ী

শরীয়তপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৬:৪২ পিএম

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত শরীয়তপুরের পাঁচজন ব্যবসায়ী জুয়েল মাদবর, সালাল মোল্যা, সোহাগ শিকদার, সামাদ ফকির এবং শাহিন বেপারী। ছবি: ফোকাস বাংলা/ প্রতিদেনের বাংলাদেশ

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত শরীয়তপুরের পাঁচজন ব্যবসায়ী জুয়েল মাদবর, সালাল মোল্যা, সোহাগ শিকদার, সামাদ ফকির এবং শাহিন বেপারী। ছবি: ফোকাস বাংলা/ প্রতিদেনের বাংলাদেশ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনই শরীয়তপুরের জাজিরা উপজেলার ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে রাজশাহীর তাহেরপুর এলাকায় যাওয়ার পথে মর্মান্তিক এ দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহতরা হলেন- জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর মাদবরকান্দি এলাকার জহির উদ্দিন মাদবরের ছেলে জুয়েল মাদবর(৪০), ডুবিসায়বর মোল্যাকান্দি এলাকার জাহান উদ্দিন মোল্যার ছেলে সালাল মোল্যা(৪৬), ডুবিসায়বর কাজিরহাট এলাকার ইউনুস শিকদারের ছেলে সোহাগ শিকদার(৩০), কাজিরহাট এলাকার ভুসামাল ব্যবসায়ী সামাদ ফকির(৭০) এবং পালেরচর ইউনিয়নের কাথুরিয়া এলাকার রাজ্জাক বেপারীর ছেলে হলুদ ব্যবসায়ী শাহিন বেপারী(৩২)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরগুনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। দুর্ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, নিহত পাঁচ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে জাজিরার কাজিরহাটসহ আশপাশের এলাকায় ব্যবসা করে আসছিলেন। ব্যবসায়িক প্রয়োজনে তারা রাজশাহীর তাহেরপুর এলাকায় যাচ্ছিলেন। সেখানে ভুট্টা, পেঁয়াজ, রসুন, ধনিয়া ও এ ধরনের অন্যান্য কৃষিপণ্য কেনার উদ্দেশ্য ছিল তাদের।

নিহতদের মধ্যে জুয়েল মাদবর ভুসামাল ব্যবসার পাশাপাশি জাজিরার কাজিরহাটে রড-সিমেন্টের ব্যবসা করতেন। সামাদ ফকির ছিলেন ভুসামাল ব্যবসায়ী এবং শাহিন বেপারী হলুদের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। অন্যদিকে, সালাল মোল্যা ও সোহাগ শিকদারও একই ধরনের পণ্য কেনাবেচার ব্যবসা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন স্থান থেকে পণ্য সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করতেন তারা।

কাজিরহাটের ব্যবসায়ী দিদার সরদার বলেন, “ব্যবসার কারণে তাদের সবার সঙ্গেই আমার পরিচয় ছিল। তাদের সঙ্গে আমার সুসম্পর্ক ছিল। এমন মৃত্যুর খবর খুবই কষ্টদায়ক”।

এ বিষয়ে জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেহ আহম্মেদ বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার বিষয়টি জেনেছি। তবে এখনো নাটোরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নিহতদের পরিবারের পক্ষ থেকে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মরদেহ জাজিরায় নিয়ে আসার বিষয়ে প্রয়োজনীয় তথ্য পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা