বাগমারা (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৬:৩১ পিএম
নতুন চাকরি, নতুন স্বপ্ন- সবকিছু পেছনে ফেলে স্বজনদের কাছে ফিরছে আনোয়ার হোসেনের নিথর মরদেহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নতুন চাকরি, নতুন স্বপ্ন- সবকিছু পেছনে ফেলে স্বজনদের কাছে ফিরছিলেন আনোয়ার হোসেন (৩০)।
হয়তো বাড়ি ফিরে স্ত্রী-সন্তানদের সঙ্গে একান্তে কাটানোর কথা ছিল কিছু আনন্দঘন মুহূর্ত। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না আনোয়ারের। নাটোরের বনপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ কেড়ে নিল তার প্রাণ। স্বামীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন স্ত্রী ফাতেমা বিবি। দুই সন্তানকে নিয়ে এখন তার সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। আর বাড়ির পাশে পারিবারিক গোরস্থানে চলছে আনোয়ারের দাফনের প্রস্তুতি। স্বজনদের অপেক্ষা- কখন আসবে প্রিয়জনের নিথর দেহ, কখন শেষ বিদায় জানাবেন তাকে।
নিহত আনোয়ার হোসেন বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া
গ্রামের বাবর আলীর ছেলে। তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন। সম্প্রতি একটি প্রকল্পে
নতুন চাকরিতে যোগ দেন। সেখান থেকে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার
হন তিনি।
মঙ্গলবার ভোর ৫টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ
তদন্তকেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নাটোর ফায়ার সার্ভিস ও
বড়াইগ্রাম থানা জানায়, বরিশাল থেকে আসা আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক
থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১৪ জন নিহত এবং ২৫ জন আহত হন।
আহত ব্যক্তিদের উদ্ধার করে নাটোর ও রাজশাহীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যায়।
সকালে আনোয়ারের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের সান্ত্বনা দিতে
প্রতিবেশী ও পরিচিতজনরা ভিড় করছেন। বাড়ির পাশের পারিবারিক গোরস্থানে খোঁড়া হচ্ছে
কবর। তবে তখনো মরদেহ এসে পৌঁছায়নি। সকালে মরদেহ আনতে নাটোরে যান তার চাচা আকতার হোসেন।
সকাল ১০টার দিকে দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর
বাড়িতে আসেন ফাতেমা বিবি। স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে বারবার মূর্ছা যাচ্ছিলেন
তিনি। কান্নায় ভেঙে পড়া ফাতেমা ঠিকমতো কথাও বলতে পারছিলেন না। স্বামীকে হারিয়ে দুই
সন্তানকে নিয়ে কীভাবে সামনের দিনগুলো পার করবেন, সেই দুশ্চিন্তা তাকে আরও অসহায় করে
তুলেছে।
মুঠোফোনে আনোয়ারের চাচা আকতার হোসেন বলেন, ‘মরদেহ নেওয়ার জন্য এসেছি,
কিন্তু এখনো পাইনি বাবা।’
প্রতিবেশীরা জানান, আনোয়ার ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন।
কিছুদিন আগে একটি প্রকল্পে নতুন চাকরি পান তিনি। সেখানে যোগদান শেষে বাড়ি ফেরার পথেই
দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার
খবর পাওয়া মাত্রই আমরা পরিবারের সদস্যদের বিষয়টি অবগত করেছি। মরদেহের বিষয়ে বনপাড়া
হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে বাগমারা থানা।
নতুন কর্মজীবনের শুরুতেই আনোয়ারের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের
ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়। যে বাড়িতে ফেরার অপেক্ষায় ছিলেন স্বজনরা, সেই
বাড়িতেই এখন চলছে তাকে শেষবারের মতো বরণ করে নেওয়ার প্রস্তুতি। দুই সন্তানকে নিয়ে
স্বামীর স্মৃতি আঁকড়ে সামনে এগিয়ে যাওয়ার কঠিন বাস্তবতার মুখোমুখি এখন ফাতেমা বিবি।