রাজশাহী নগরীতে চলছে অনুমতি ছাড়াই নানা যানবাহন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহী নগরীর ব্যস্ত সড়কে প্রতিদিনই বাড়ছে বৈধ-অবৈধ যানবাহনের চাপ। এসব যানবাহন নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছে ট্রাফিক পুলিশ।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের স্থায়ী এবং পর্যাপ্ত আয়তনের ডাম্পিং স্টেশন না থাকায় অভিযান চালিয়ে জব্দের পর সেই যানবাহন রাখা হচ্ছে কোথায়?
আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সক্ষমতা থাকলেও পর্যাপ্ত জায়গার অভাবে অনেক সময় কঠোর ব্যবস্থা নিতে পারছে না ট্রাফিক পুলিশ। অনেক ক্ষেত্রে মামলা বা জরিমানা করে যানবাহন ছেড়ে দিতে হচ্ছে। পরে একই যানবাহন আবারও সড়কে নামছে। জব্দ করলেও তা যেভাবে রাখা হচ্ছে, তাতে সেই যানবাহনের যন্ত্রাংশ চুরি যাওয়াসহ রোদ-বৃষ্টিতে তা নষ্ট হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্ট যানবাহনের মালিকদের।
চলতি বছরের জুলাইয়ে আরএমপি ৩৫তম বছরে পদার্পণ করেছে। ১৯৯২ সালের ১ জুলাই চারটি থানা নিয়ে যাত্রা শুরু করে রাজশাহী মহানগর পুলিশ। সময়ের সঙ্গে আরএমপির পরিধি ও কার্যক্রম বেড়েছে। বর্তমানে মহানগর পুলিশের অধীনে ১২টি থানা এবং ট্রাফিক বিভাগসহ বিভিন্ন বিশেষায়িত ইউনিট রয়েছে। মহানগর পুলিশের কার্যপরিধি বর্তমানে রাজশাহী সিটি করপোরেশনের পাশাপাশি বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নের অংশ মিলিয়ে প্রায় ৪৭২ বর্গকিলোমিটার এলাকায় বিস্তৃত। দীর্ঘ এই সময়ে মহানগরের পরিধি ও যানবাহনের সংখ্যা বেড়েছে, বেড়েছে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বও। কিন্তু ট্রাফিক পুলিশের জন্য প্রয়োজনীয় স্থায়ী ও পর্যাপ্ত ডাম্পিং স্টেশন এখনও গড়ে ওঠেনি। তবে প্রতি মাসে আরএমপির ট্রাফিক বিভাগ বিভিন্ন যানবাহন ও চালকদের থেকে জরিমানা বাবদ আয় করছেন ৩০ থেকে ৩৫ লাখ টাকা।
রাজশাহী জেলা পুলিশ ও মহানগর পুলিশের তথ্য অনুযায়ী, গত এক বছরে জেলায় ১৩৫টি এবং মহানগরে ৩৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় মোট ১৬০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৬৯টি মামলা হয়েছে। পুলিশের পরিসংখ্যানে দেখা যায়, মোট দুর্ঘটনার প্রায় অর্ধেকই মোটরসাইকেল সংশ্লিষ্ট। এছাড়া প্রায় ৪০টি দুর্ঘটনা ঘটেছে ট্রাক বা ডাম্প ট্রাকের কারণে।
এদিকে বর্তমানে রাজশাহীর হেলেনাবাদ এলাকায় একটি সরকারি কোয়ার্টারের পাশে ছোট একটি জায়গা অনেকটা অস্থায়ী ডাম্পিং হিসেবে ব্যবহার করছে আরএমপি ট্রাফিক বিভাগ। জায়গাটি অনেক আগে থেকেই ব্যবহার করা হলেও এটি কোনোভাবেই পুরোপুরি ডাম্পিং স্টেশনের বিকল্প নয়। আয়তনে ছোট হওয়ায় সেখানে বেশিসংখ্যক যানবাহন রাখা সম্ভব হয় না।
এর সঙ্গে রয়েছে প্রশাসনিক জটিলতাও। জায়গাটি মূলত গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) কোয়ার্টারের অংশ। এটি আবাসিক এলাকার হওয়ায় সেখানে জব্দ করা বিপুলসংখ্যক যানবাহন রাখা নিয়ে আপত্তি রয়েছে। জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য পিডব্লিউডি একাধিকবার ট্রাফিক বিভাগকে চিঠি দিয়েছে। তবে বিকল্প ডাম্পিং স্টেশন না থাকায় আপাতত জায়গাটি ব্যবহারের সুযোগ রাখার জন্য ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
ফলে বর্তমানে যে জায়গাটিকে ডাম্পিং হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেটি একদিকে ছোট, অন্যদিকে অস্থায়ী। সেখানে বেশি গাড়ি জমে গেলে নতুন করে জায়গার সংকট তৈরি হয়। এ অবস্থায় কোনো অভিযানে একসঙ্গে অনেক যানবাহন আটক করার সুযোগও সীমিত হয়ে পড়ে।
রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী বলেন, ট্রাফিক বিভাগের জন্য একটি স্থায়ী ও নিরাপদ ডাম্পিং স্টেশন অত্যন্ত জরুরি। একাধিক ডাম্পিং স্টেশন এখনই সম্ভব না হলেও অন্তত একটি নিরাপদ ও পর্যাপ্ত জায়গা নিয়ে একটি স্থায়ী ডাম্পিং স্টেশন প্রয়োজন। পাশাপাশি জব্দকৃত গাড়ির তথ্য, মালিকানা, মামলা এবং আদালতের আদেশ সংরক্ষণের ব্যবস্থাও থাকা দরকার।
তিনি আরও বলেন, ডাম্পিং স্টেশন থাকলে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ বাড়বে। শুধু জরিমানা করে ছেড়ে দেওয়ার পরিবর্তে প্রয়োজনীয় যানবাহন জব্দ করে পরবর্তী আইনি প্রক্রিয়ায় নেওয়া সম্ভব হবে। এতে যানবাহনের মালিকদের মধ্যেও আইন অমান্য করার প্রবণতা কমবে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, ডাম্পিং স্টেশন নির্মাণ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।