১৫ লাখ মানুষের কর্মসংস্থানের আশা
হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৪:৫৮ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৬ ১৪:৫৯ পিএম
ব্রহ্মপুত্র-যমুনার বালুতে রয়েছে সম্ভাবনাময় খনিজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুড়িগ্রামে প্রস্তাবিত দেশের একমাত্র বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন প্রকল্প নিয়ে সৃষ্টি হয়েছে নানা বিভ্রান্তি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নথিতে প্রকল্পটি বাস্তবায়নের সম্ভাব্য ব্যয়ের তুলনায় সরকারের প্রাপ্তি উল্লেখযোগ্য হবে না বলে কুড়িগ্রাম জেলা প্রশাসনের মতামতের কথা উল্লেখ করা হলেও জেলা প্রশাসক বলছেন, এমন কোনো প্রতিবেদন তার দপ্তর থেকে পাঠানো হয়নি। এ নিয়ে প্রকল্পটির ভবিষ্যৎ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
প্রায় ৯০০ কোটি টাকা সম্ভাব্য ব্যয়ের এ প্রকল্প বাস্তবায়িত হলে বছরে প্রায় ১০ বিলিয়ন ডলার পর্যন্ত রাজস্ব আয়ের সম্ভাবনা এবং প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়ন হলে খনিজ সম্পদ আহরণ, গবেষণা ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কুড়িগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ-শিল্পকেন্দ্রে পরিণত হতে পারে।
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্র-যমুনা নদীর বালুতে ইলমেনাইট, জিরকন, ম্যাগনেটাইট, রুটাইল, গারনেট ও কোয়ার্টজসহ বিভিন্ন মূল্যবান ভারী ও হালকা খনিজ রয়েছে। ইলমেনাইট থেকে টাইটানিয়াম উৎপাদন করা হয়, যা রঙ, প্লাস্টিক, ওষুধ ও ওয়েল্ডিং রডসহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। জিরকন সিরামিক, পারমাণবিক প্রযুক্তি, মহাকাশ ও ইলেকট্রনিক্স শিল্পে ব্যবহৃত হয়। ম্যাগনেটাইট ইস্পাত ও বিভিন্ন খনি যন্ত্রে এবং রুটাইল প্রসাধনী ও ধাতু শিল্পে ব্যবহৃত হয়। গারনেট অলংকার ছাড়াও জেট কাটিং ও পাইপ পরিষ্কারে এবং কোয়ার্টজ ঘড়ি, কম্পিউটার ও চিকিৎসা যন্ত্রে ব্যবহৃত হয়।
চলতি বছরের ১১ জুন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মোখলেসুর রহমান মিলনায়তনে ‘বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন-কুড়িগ্রাম, বাংলাদেশ’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্প নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় যমুনা-ব্রহ্মপুত্র নদ ব্যবস্থার নবায়নযোগ্য বালু সম্পদ কাজে লাগিয়ে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম খনিজ-প্রযুক্তি, গবেষণা ও শিল্পভিত্তিক অর্থনৈতিক শক্তিতে পরিণত করার লক্ষ্যে ২০২৬-২০৭৫ সময়কালের ৫০ বছরের একটি মহাপরিকল্পনা তুলে ধরা হয়।
প্রস্তাবিত পরিকল্পনার অংশ হিসেবে কুড়িগ্রামে বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কেন্দ্রের মাধ্যমে জেলার বিভিন্ন নদ-নদী থেকে পাওয়া বালু ও খনিজ সম্পদের গবেষণা, পৃথকীকরণ ও প্রক্রিয়াজাতকরণের কার্যক্রম পরিচালনার কথা রয়েছে।
জিএসবি দীর্ঘদিনের গবেষণার ভিত্তিতে চিলমারী উপজেলায় ১৫ একর জমিতে একটি পাইলট রিসার্চ প্ল্যান্ট এবং রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকায় ১০ একর জমিতে একটি গবেষণা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে। ইতোমধ্যে গণপূর্ত অধিদপ্তর প্রকল্পটির জমি জরিপ ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠিয়েছে।
তবে প্রকল্পটি নিয়ে নতুন করে তৈরি হয়েছে মতবিরোধ। গত ১৯ জুলাই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সভায় ১০ নম্বর আলোচ্য বিষয়ে বলা হয়, কুড়িগ্রাম জেলা প্রশাসকের প্রতিবেদনে ‘প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য ব্যয়ের তুলনায় সরকারের প্রাপ্তি উল্লেখযোগ্য হবে না’ বলে মতামত দেওয়া হয়েছে।
তবে কুড়িগ্রাম জেলা প্রশাসনের বক্তব্য ভিন্ন। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, আমি যোগদানের আগে সাবেক জেলা প্রশাসকদের সময়ে বালু গবেষণা কেন্দ্র স্থাপনের জন্য সম্ভাব্য জমির তথ্য কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছিল।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর, চিলমারী ও রাজারহাট উপজেলার ইউএনওরা গত বছরের ৫ মার্চ সম্ভাব্য জমির তথ্য-উপাত্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছিলেন।
কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল ফারুক বলেন, ব্রহ্মপুত্র নদের অববাহিকায় অত্যন্ত মূল্যবান ও বিরল খনিজ সম্পদ পাওয়া যায়। ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের প্রকল্পটি প্রস্তাব করেছে। প্রকল্পটির জমির সম্ভাব্যতা ও কার্যকারিতা যাচাইয়ের কাজ ইতোমধ্যে শেষ করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপপরিচালক (ভূতত্ত্ব) ড. সোহেল রানা বলেন, ব্রহ্মপুত্র-যমুনা নদীর বালু পুনঃভরণযোগ্য। হিমালয় থেকে কুড়িগ্রাম দিয়ে ব্রহ্মপুত্র-যমুনা নদীতে প্রতি বছর বিপুল পরিমাণ বালু আসে। আমরা যদি এই বালু ব্যবহার করতে পারি, তাহলে এর মধ্যে থাকা কোয়ার্টজ, হেভি মিনারেল ও লাইট মিনারেল কাজে লাগানো সম্ভব। হেভি মিনারেলের মধ্যে রুটাইল, গারনেট, ইলমেনাইট, জিরকন ও মোনাজাইটের মতো মূল্যবান খনিজ রয়েছে। লাইট মিনারেলের মধ্যে কোয়ার্টজ রয়েছে।
প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সচেতন মহল। জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি শফিকুল ইসলাম বেবু বলেন, সম্ভাবনাময় এই প্রকল্প এখনও শুরুই হলো না, সেখানে কীভাবে কর্তৃপক্ষ বলতে পারে লাভ হবে না লস হবে? সরকার দেশে বহু প্রকল্প নেয় এবং নিচ্ছে। সম্ভাবনাময় এই প্রকল্প শুরুর জন্য সরকার কার্যকর ও দ্রুত ব্যবস্থা নেবেÑএটাই প্রত্যাশা করছি।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন, দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি এবং খনিজ সম্পদ আহরণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাকে বাস্তবায়ন করতে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এদিকে প্রকল্পটি নিয়ে কোনো জটিলতা থাকলে তা নিরসনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, এ বিষয়টি আমার জানা নেই। বালু গবেষণা কেন্দ্র স্থাপন নিয়ে কোনো জটিলতা থাকলে সেটি নিরসনের ব্যবস্থা করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, ব্রহ্মপুত্র-যমুনার বিপুল বালু সম্পদকে বৈজ্ঞানিকভাবে কাজে লাগাতে পারলে শুধু কুড়িগ্রাম নয়, জাতীয় অর্থনীতিতেও এর বড় প্রভাব পড়তে পারে। তাই প্রকল্পের সম্ভাব্যতা, অর্থনৈতিক সুফল এবং প্রশাসনিক মতামতের অসঙ্গতি দ্রুত পরিষ্কার করে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন তারা।