× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাংকিং জটিলতা ও গ্যাস সংকট

কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৭৩৯ কর্মী ছাঁটাই

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৩:০২ পিএম

ছাঁটাই হওয়া কর্মীদের তালিকায় নিজেদের নাম খুঁজছেন অনেকে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ছাঁটাই হওয়া কর্মীদের তালিকায় নিজেদের নাম খুঁজছেন অনেকে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানে দ্বিতীয় দফায় ৭৩৯ জন শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে।

কারখানাগুলোর প্রধান ফটকে সোমবার রাত সাড়ে ১০টার দিকে ছাঁটাইসংক্রান্ত নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে ছাঁটাই হওয়া শ্রমিকদের নামের তালিকা দেখতে কারখানার সামনে ভিড় করেন কর্মীরা।

ছাঁটাই হওয়া প্রতিষ্ঠানগুলো হলো কেয়া গ্রুপের নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড।

কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছে, ব্যাংকিং জটিলতা ও গ্যাস বিল পরিশোধ করতে না পারায় গত ৬ জুন থেকে কারখানাগুলো লে-অফে রয়েছে। এরপর কয়েক দফায় লে-অফের মেয়াদ বাড়ানো হয়। ব্যাংকিং জটিলতা, গ্যাস বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জনবলের কারণে উৎপাদন ও প্রশাসনিক ব্যয় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য বিভিন্ন সেকশন, বিভাগ ও ডিভিশনের কিছু পদ বিলুপ্ত করা হয়েছে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের স্বাক্ষরিত নোটিশে আরও বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২০ ধারা অনুযায়ী মঙ্গলবার থেকে অতিরিক্ত শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই করা হবে। তাদের আইনানুগ পাওনা পরিশোধ করা হবে।

ছাঁটাইয়ের নোটিশে নিজেদের নাম দেখে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন কয়েকজন শ্রমিক। তাদের ভাষ্য, দীর্ঘ ১৮ বছর ধরে কারখানায় কাজ করার পর হঠাৎ চাকরি হারিয়ে পরিবার নিয়ে কীভাবে চলবেন, তা নিয়ে তারা দুশ্চিন্তায় পড়েছেন।

প্রায় ১৯ বছর ধরে কারখানাটিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেছেন আবেদা বেগম। জীবনের দীর্ঘ সময় কেয়া গ্রুপে কাটানোর পর হঠাৎ চাকরি হারিয়ে ভেঙে পড়েছেন তিনি। কারখানার ফটকের সামনে চোখের পানি মুছতে মুছতে তিনি বলেন, “এত বছর চাকরি করে শেষ পর্যন্ত শূন্য হাতে বিদায় নিতে হচ্ছে”।

বকেয়া ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি

জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেন, “পাঁচবার লে-অফের পর কেয়া নিট কম্পোজিটসহ চার প্রতিষ্ঠানের ৭৩৯ শ্রমিক-কর্মচারীকে এক নোটিশে ছাঁটাই করা হয়েছে”।

ছাঁটাই হওয়া শ্রমিকদের বকেয়া বেতনসহ ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।

এদিকে, ভবিষ্যতে কারখানাগুলোতে নতুন কর্মী নিয়োগের প্রয়োজন হলে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২১ ধারা অনুযায়ী ছাঁটাই হওয়া দক্ষ শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, বর্তমানে যাঁদের চাকরি বহাল রয়েছে, তাঁরা লে-অফের আওতায় থাকবেন এবং আইন অনুযায়ী লে-অফের সুবিধা পাবেন।

এ বিষয়ে কেয়া গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন বলেন, “ছাঁটাই হওয়া শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করা হবে”।

এদিকে কর্মী ছাঁটাইয়ের পর কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় পুলিশ মোতায়েন করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৭৩৯ জন কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানাগুলোর প্রধান ফটকে পুলিশ মোতায়েন করা হয়েছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা