পিরোজপুর প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১২:৪৫ পিএম
পিরোজপুরে অতিরিক্ত যাত্রী বহনের কারণে একটি ট্রলার নদীতে ডুবে যাওয়ার ঘটনায় নাজিরপুর ফায়ার সার্ভিস অভিযান অব্যাহত রেখেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পিরোজপুরে অতিরিক্ত যাত্রী বহনের কারণে একটি ট্রলার নদীতে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।
জানা যায়, নেছারাবাদ উপজেলার ভরতকাঠী গ্রামের
বাসিন্দা সংকর বেপারীর স্ত্রী রিনা বেপারী (৩৫) ও তার মেয়ে নিহত অর্পিতা বেপারী (০৮) নিখোঁজ হন।
ওইদিন সংকর বেপারী পরিবার নিয়ে দুর্গাপূজার ছুটিতে
গ্রামে এসে শ্রীরামকাঠী এলাকা থেকে পূজা দেখে ট্রলারযোগে বাড়ি ফিরছিলেন।
এ সময় অন্য
যাত্রীরা ট্রলার ডুবি থেকে উঠে এলেও একই পরিবারের মা ও মেয়ে ডুবে যায়।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় রাত ১১টার
দিকে মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও, ১৫ ঘণ্টা পরও উদ্ধার করা যায়নি মা’কে।
সোমবার রাত ৯টার দিকে জেলার নাজিরপুর ও নেছারাবাদ
উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী ও ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে এ
ঘটনা ঘটে।
জানা গেছে, নাজিরপুর প্রান্ত থেকে ৫০ জনেরও বেশি
যাত্রী এবং ৬টি মোটরসাইকেল নিয়ে ট্রলারটি ভরতকাঠী ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা হয়।
ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠানোর কারণে ট্রলারটি ভারসাম্য হারিয়ে ঘাট ছাড়ার পর পরই
নদীগর্ভে ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে ও স্থানীয়দের সহায়তায় কূলে উঠতে
পারলেও রিনা বেপারী ও তার সন্তান অর্পিতা নিখোঁজ হন।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ উদ্ধারকারী
দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তী সময়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই
দফা অভিযান চালিয়ে নদী থেকে প্রায় ৩ ঘণ্টা পর শিশু অর্পিতা বেপারীর মৃতদেহ উদ্ধার
করে।
দুর্ঘটনাকবলিত এলাকা এবং উদ্ধার অভিযান তদারকি করতে
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা, সহকারী কমিশনার (ভূমি) মো.
আহসান হাবিব এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান ঘটনাস্থল
পরিদর্শন করেন।
এছাড়া পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক
এ কে এম রায়হানুল আশরাফ এবং নাজিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সোয়াইব
হোসেন মুন্সির নেতৃত্বে উদ্ধার কাজ পরিচালিত হয়।
ঘটনার বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা
সাজিয়া শাহনাজ তমা বলেন, পূজা থাকার কারণে ট্রলারটিতে অতিরিক্ত প্রায় ৫০ থেকে ৬০
যাত্রী বহন করেÑ এতে ট্রলারটি এক পাসে কাত হয়ে পানিতে ডুবে যায়। এ ঘটনায় যাদের
অবহেলা ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিকভাবে বাচ্চাটির পরিবারকে
সৎকারের জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হবে।
এ ঘটনায় নাজিরপুর উপজেলার অফিসার ইনচার্জ (ওসি)
তরিকুল ইসলাম জানান, নাজিরপুরের শ্রীরামকাঠি প্রান্তে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের
কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মা ও মেয়ে নিখোঁজের পরে রাত ১১টার দিকে মেয়েকে
মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।