প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১১:৩৯ এএম
ঘাতক শ্বশুরকে আটকের পর পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জের ধরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন জামাই আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরে শ্বশুর ও জামাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলনার ভোরে শ্বশুর তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়।
সে সময় চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ঘাতক শ্বশুরকে আটক করে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও স্থানীয়দের সহযোগিতায় ঘাতক তরিকুল ইসলামকে আটক করা হয়েছে।