বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ০৯:৪০ এএম
দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, বরিশালের বরগুনা থেকে পঞ্চগড়গামী আরপি পরিবহনের যাত্রীবাহী একটি বাস ভোরে বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে পাবনাগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৯ জন এবং বিভিন্ন হাসপাতালে আরও ৫ জনসহ মোট ১৪ জনের মৃত্যু হয়।
আহত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে কমপক্ষে ২৫ জন। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানায় উদ্ধারকারী ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয়রা জানায়, ভোরে বিকট শব্দ পেয়ে সড়কে দৌড়ে এসে দেখি মানুষের আর্তনাদ। পরে পুলিশ-ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে তারা এসে স্থানীয়রাসহ উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। ভয়াবহ এই দুর্ঘটনার উদ্ধার তৎপরতার কারণে কিছু সময় নাটোর-পাবনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, সংঘর্ষে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। পরে মরদেহগুলো উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও ৫ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
খবর পেয়ে নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, বড়াইগ্রামের উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন।
সর্বশেষ, বনপাড়া হাইওয়ে থানা পুলিশ নিহতদের পরিচয় সনাক্ত করার চেষ্টা করছে। বর্তমানে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।