রংপুর অফিস
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ২০:৫৩ পিএম
রংপুরে কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে ফকরুল আলম রতন নামে এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রংপুরে ফকরুল আলম রতন (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার বিকালে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফকরুল আলম রতন ওই গ্রামের মতিয়ার রহমান তহসিলদারের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি বাদল চন্দ্র মন্ডল।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে গতকাল বিকালে কতিপয় ব্যক্তি রতনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বাদল চন্দ্র মণ্ডল বলেন, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আধিপত্য বিস্তার ও বেশ কিছু বিষয় নিয়ে স্থানীয় কতিপয় ব্যক্তির সঙ্গে রতনের বিরোধ চললছিল, এরই জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা স্থানীয়দের। ফকরুল আলম রতন পীরগাছা উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক বলে জানিয়েছে পুলিশ।