কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ২৩:৩৬ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩ ১৩:৩২ পিএম
কুমিল্লার হোমনায় ৬ তলা থেকে পড়ে মানসিক ও দৃষ্টি প্রতিবন্ধী এক কিশোরীর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) বিকালে উপজেলা পরিষদ গেট সংলগ্ন সিটি মার্কেট থেকে পড়ে মিলা আক্তার নামের ওই কিশোরীর মৃত্যু হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।
মিলা আক্তার উপজেলার খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিপ্রাপ্ত ছিল। মিলা উপজেলার মহিষমারী গ্রামের মিজান সরকারের মেয়ে।
এদিন ভবন থেকে পড়ার পর আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় মিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ডা. ফাদলুল আজিম আবরার বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ছাদ থেকে পড়ার কারণে তার মুখে ও পায়ে আঘাতের চিহ্ন ছিল।’
মিলার পরিবার জানায়, তার মা মরিয়ম ওই ভবনে একটি বেসরকারি হাসপাতালে সেবিকার চাকরি করেন। এর ওপর তলায় তাদের বাসা। এদিন মিলা ছাদে যায় এবং সেখান থেকে লফিয়ে পড়ে আত্মহত্যা করে।
মিলার ফুফাতো ভাই হাবিবুর রহমান জানান, ‘মিলা জন্মগতভাবেই মানসিক প্রতিবন্ধী ছিল। তাকে ঢাকায় চিকিৎসা করানো হয়েছে। এখনও চিকিৎসাধীন ছিল। এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছিল।’
ওসি সাইফুল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিলা আত্মহত্যা করেছে।’