সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ২০:১৬ পিএম
সোমবার বিকাল থেকে দক্ষিণ সোনাতলা সর্বজনীন দুর্গা মন্দির, উত্তর শ্রীপুর সাড়াতলা সর্বজনীন দুর্গা মন্দির, গোবিন্দকাটি সর্বজনীন দুর্গা মন্দিরসহ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন কাজী আলাউদ্দিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।
সোমবার বিকাল থেকে তিনি দক্ষিণ সোনাতলা সর্বজনীন দুর্গা মন্দির, উত্তর শ্রীপুর সাড়াতলা সর্বজনীন দুর্গা মন্দির, গোবিন্দকাটি সর্বজনীন দুর্গা মন্দিরসহ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজারীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে কাজী আলাউদ্দিন বলেন, “দেশের উন্নয়ন ও অগ্রগতির পাশাপাশি সব ধর্মের মানুষের নিরাপত্তা, অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে”।
তিনি বলেন, “হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূজামণ্ডপের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে”।
সরকারি সহায়তার প্রসঙ্গ তুলে ধরে সাবেক এই সংসদ সদস্য বলেন, “গত বছরের তুলনায় এ বছর প্রতিটি মন্দিরে ১০০ কেজি করে বেশি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগের কথাও তুলে ধরেন”।
পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার জীবনে দুর্গাপূজার আনন্দ ও সম্প্রীতি ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহম্মাদ আলী শাহাজী, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু ও সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক গাজী ও সাধারণ সম্পাদক মনতাজুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তুহিনসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।