মুহাম্মদ ওসমান সরওয়ার, চকরিয়া (কক্সবাজার)
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ২০:১২ পিএম
পোষা বিড়ালকে পিটিয়ে হত্যার ঘটনায় দোষীদের বিচার দাবিতে চকরিয়া থানায় লিখিত অভিযোগ করেন বিড়ালের মালিক সামশুল আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নিজের সন্তানের মতো আদর-যত্নে লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে।
এ ঘটনায় সুষ্ঠু বিচার ও দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে থানায় লিখিত অভিযোগ করেছেন বিড়ালের মালিক সামশুল আলম। সোমবার কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সামশুল আলম দীর্ঘদিন ধরে বিড়ালটিকে অত্যন্ত যত্নে লালন-পালন করে আসছিলেন। গতকাল সকালে তিনি ছাগল নিয়ে বাড়ির পেছনের একটি খালি চারণভূমিতে বাঁধতে যান। বিড়ালটিও তার পেছনে সেখানে যায়। এ সময় প্রতিবেশী ফরিজা বেগমের পালিত কুকুরটি বিড়ালকে কামড় দেওয়ার চেষ্টা করে। পরে সামশুল আলম কুকুরটিকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেন।
অভিযোগে বলা হয়, এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ফরিজা বেগম লাঠি হাতে এসে বিড়ালটিকে এলোপাতাড়ি পেটান। এতে বিড়ালটি গুরুতর আহত হয়ে মারা যায় বলে অভিযোগ করেছেন মালিক সামশুল আলম। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
সামশুল আলম কান্নাজড়িত কণ্ঠে বলেন, শুধু একটা বিড়াল না, ও আমার পরিবারের একজন সদস্যের মতো ছিল। কোনো অপরাধ ছাড়াই ওকে এভাবে নিষ্ঠুরভাবে মেরে ফেলা হলো। আমি এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই, যাতে ভবিষ্যতে কেউ অবলা প্রাণীর ওপর এমন অত্যাচার করার সাহস না পায়।
চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, বিড়াল হত্যার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।